তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন যৌক্তিক দাবিতে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে যে আন্দোলন চলছে, তাতে উসকানি দেওয়ার অভিযোগে তিন শ্রমিক নেতাকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার ঢাকা জেলা (উত্তর) পুলিশের গোয়েন্দা শাখা তাদের আটক করে।
আটক হওয়া তিন শ্রমিক নেতা হলেন—জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক মো. হালিম, বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শামীম এবং বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মো. মনসুর আলী। এর মধ্যে মো. হালিমকে আশুলিয়ার বসুন্ধরা সোনিয়া মার্কেট এলাকা থেকে এবং অন্য দুজনকে জিরাবো এলাকা থেকে আটক করা হয়।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানিয়েছেন, শ্রমিক আন্দোলনে উসকানি ও ধ্বংসাত্মক কাজে সহায়তার সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতেই এই তিনজনকে আটক করা হয়েছে। আজ বুধবার তাদের আশুলিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।
এদিকে তিন শ্রমিক নেতাকে আটকের এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন। তিনি অবিলম্বে আটক শ্রমিক নেতাদের মুক্তির দাবি জানিয়েছেন। খায়রুল মামুন বলেন, সংলাপের পথ বেছে না নিয়ে গ্রেপ্তার, হামলা ও মামলার মতো পদক্ষেপ কোনো সমাধানের পথ হতে পারে না। এ ধরনের কর্মকাণ্ড বরং শ্রমিকদের আরও উসকে দিতে পারে। উদ্ভূত পরিস্থিতি সমাধানে শ্রমিক ও তাদের নেতাদের সঙ্গে আলোচনার পথ বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।

