ভারতের গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করেছে আদানি পাওয়ার। বুধবার (২ আগস্ট) বাংলাদেশে একটি জনসংযোগ প্রতিষ্ঠানের মাধ্যমে দেওয়া বিবৃতিতে কোম্পানিটি জানায়, ভারতের রেলপথে যানজট এবং পণ্য বোঝাইয়ের ওপর বিধিনিষেধের কারণে কয়লা পরিবহনে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। এর ফলে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে কয়লাবাহী রেক চলাচল ব্যাহত হওয়ায় স্বাভাবিকের তুলনায় কয়লা সরবরাহ কমে গেছে এবং কোম্পানিটিকে সাময়িকভাবে বিদ্যুৎ উৎপাদন সমন্বয় করতে হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাংলাদেশে বিদ্যুৎকেন্দ্রটির সরবরাহ কমে যাওয়ার বিষয়ে আদানি পাওয়ারের পক্ষ থেকে এটিই প্রথম আনুষ্ঠানিক ব্যাখ্যা।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) তথ্য অনুযায়ী, আগস্টের মাঝামাঝি থেকে বেশিরভাগ সময় গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে প্রায় ৮০০ থেকে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। অথচ কেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। আদানি পাওয়ার জানিয়েছে, সন্ধ্যার সর্বোচ্চ চাহিদার সময়ে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে তারা দিনের অফ-পিক সময়ে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে রেখেছে।
কোম্পানিটি আরও জানায়, তারা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) পুরো পরিস্থিতি সম্পর্কে নিয়মিত অবহিত রাখছে। স্বাভাবিক রেকের প্রাপ্যতা দ্রুত নিশ্চিত করতে তারা ভারতীয় রেলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছে। বিদ্যুৎ সরবরাহে প্রভাব যতটা সম্ভব কমিয়ে আনতে এবং বিদ্যুৎকেন্দ্রে কয়লা সরবরাহ সর্বোচ্চ পর্যায়ে রাখতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তারা দাবি করেছে।
বিবৃতিতে আদানি পাওয়ার উল্লেখ করে যে, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ভারতের পূর্ব ও মধ্যাঞ্চলের বেশ কয়েকটি তাপবিদ্যুৎকেন্দ্রে কয়লার মজুত কমে গেছে। যার ফলে পুরো অঞ্চলের বিদ্যুৎকেন্দ্রগুলোতে কয়লা সরবরাহ ব্যাহত হচ্ছে এবং এর প্রভাব গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের ওপরও পড়েছে।

