জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। রবিবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে তিনি শহিদদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহিদদের প্রতি সম্মান প্রদর্শন করেন।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার শেরেবাংলা নগরে যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে সাভারের জাতীয় স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্মৃতিসৌধ কর্তৃপক্ষও এই কর্মসূচি উপলক্ষে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সফর ঘিরে পুরো এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। স্মৃতিসৌধ ও এর পার্শ্ববর্তী এলাকায় ইউনিফর্ম পরিহিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকের সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

নিরাপত্তার বিষয়ে তিনি আরও বলেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির চলাচলের সময় ঢাকা-আরিচা মহাসড়কে সাধারণ যান চলাচল পুরোপুরি বন্ধ রাখা হবে না। তবে ধীরগতির যানবাহন ও অবৈধ যান চলাচলের ওপর কঠোর নজরদারি রাখা হবে এবং পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।