সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। রবিবার (২৬ জুলাই) বেলা ১১টা ৩৫ মিনিটে স্মৃতিসৌধ প্রাঙ্গণে পৌঁছালে তাকে স্বাগত জানানো হয় এবং তিনি তিন বাহিনীর প্রধানসহ উপস্থিত কর্মকর্তাদের সাথে কুশলাদি বিনিময় করেন।
বেলা ১১টা ৪০ মিনিটে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধা নিবেদনের এই আনুষ্ঠানিকতায় তিন বাহিনীর একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে।
আনুষ্ঠানিকতা শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এরপর তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং ১১টা ৪৭ মিনিটে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন। পরিদর্শন বইয়ে তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখেন, তাদের সর্বোচ্চ ত্যাগ ও অসীম দেশপ্রেমের বিনিময়েই আমরা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানের আদর্শ সমুন্নত রেখে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন। পরিদর্শন বইয়ে তিনি বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং প্রিয় মাতৃভূমির অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।

