নিখোঁজের পর ৮ মাসে ৩৬ শিশুর লাশ উদ্ধার, দেশজুড়ে বাড়ছে নৃশংসতা

বাংলাদেশে শিশুদের প্রতি সহিংসতা ও নৃশংসতা আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি থেকে আগস্ট) নিখোঁজ হওয়ার পর অন্তত ৩৬টি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এক পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে। নিখোঁজের পর লাশ উদ্ধার ছাড়াও এ বছর শিশুদের ধর্ষণ ও শারীরিক নির্যাতন করে হত্যা এবং পরিবারের সদস্যদের সঙ্গে নিহত হওয়ার মতো একাধিক নৃশংস ঘটনা ঘটেছে। অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডের সঙ্গে পরিচিত ব্যক্তিদের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে আসক এই পরিসংখ্যান তৈরি করেছে। তাদের হিসাব অনুযায়ী, গত আট মাসে নিখোঁজের পর হত্যা, ধর্ষণ, নির্যাতনসহ বিভিন্ন সহিংসতায় মোট ১৫৫টি শিশু প্রাণ হারিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৬৮টি শিশু মারা গেছে শারীরিক নির্যাতনের শিকার হয়ে। এছাড়া পারিবারিক পরিমণ্ডলে নির্যাতনের কারণে ৪৯ জন, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ২৬ জনকে (যার মধ্যে দুজন ছেলেশিশু রয়েছে), এবং ধর্ষণচেষ্টার পর হত্যা করা হয়েছে ৪টি শিশুকে। একই সময়ে গুলিতে ৩ জন, গৃহকর্মী হিসেবে শারীরিক নির্যাতনের কারণে ২ জন, উত্ত্যক্তকারীর হাতে ২ জন এবং অপহরণের পর ১ জন শিশু নিহত হয়েছে। এই সহিংসতার বাইরে আরও ৯৯টি শিশুর রহস্যজনক মৃত্যু, আত্মহত্যা ও মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে।

সম্প্রতি কুমিল্লায় ১৩ বছরের শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিম নিখোঁজ হওয়ার পর তার মরদেহ উদ্ধারের ঘটনা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে এক কিশোরকে আটকের পর তার বাসা থেকে অপ্রতিমের মায়ের ব্যবহৃত আইফোনটি উদ্ধার করেছে পুলিশ। এছাড়া গত ১০ সেপ্টেম্বর জামালপুরের মাদারগঞ্জে সাত বছরের একটি শিশু বিদ্যালয়ে গিয়ে আর ফেরেনি। দুই দিন পর ১২ সেপ্টেম্বর সহপাঠীর বাড়ির মেঝের নিচে মাটিচাপা অবস্থায় তার লাশ পাওয়া যায়। পুলিশ জানায়, সহপাঠীর বাবা ওই শিশুটিকে ধর্ষণের পর হত্যা করেন এবং এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাবনা সদরেও গত ৯ সেপ্টেম্বর নিখোঁজ হওয়া ১০ বছরের এক শিশুর লাশ সাত দিন পর ১৬ সেপ্টেম্বর একটি ডোবা থেকে উদ্ধার করা হয়। তাকেও ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ, এবং ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শিশুদের এককভাবে টার্গেট করার পাশাপাশি পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও শিশুদের হত্যার শিকার হতে দেখা গেছে। গত ২৫ জুন লক্ষ্মীপুরের রায়পুরে একটি ভাড়া বাসায় ঢুকে মা ও তিন বোনকে কুপিয়ে হত্যা করা হয়, যাদের মধ্যে ১০ বছরের সিপা ও ১৭ বছরের ইকরা নামের দুই শিশু ছিল। আগস্ট মাসে রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর স্ত্রীর সঙ্গে খুন হতে হয়েছে তাঁদের ১২ বছরের ছেলে আয়ুশকে। একই মাসে মাদারীপুরের শিবচরে এক নারীর লাশ পাওয়ার পাঁচ দিন পর ২৪ আগস্ট নদী থেকে তাঁর এক বছরের শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মা ও শিশু উভয়কেই হত্যা করা হয়েছে। এছাড়া গত ১৮ সেপ্টেম্বর দিবাগত রাতে সুনামগঞ্জের তাহিরপুরে একই পরিবারের ১০, ৭ ও ২ বছর বয়সী তিন শিশুকে নৃশংসভাবে হত্যা করা হয়।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশজুড়ে ২ হাজার ৩৬২টি হত্যা মামলা দায়ের করা হয়েছে, যা গড়ে প্রতি মাসে ২৯৫টি। একই সঙ্গে দেশে বিপুল সংখ্যক শিশু নিখোঁজের ঘটনাও ঘটছে। চলতি বছরের প্রথম সাত মাসে ১৫ হাজার ৭১৭টি শিশু নিখোঁজ হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়। তবে গত ৩ সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, নিখোঁজ শিশুদের মধ্যে ৮৭ শতাংশের বেশি অর্থাৎ ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও ২ হাজার ৩৮ জন শিশু নিখোঁজ রয়েছে, যা মোট নিখোঁজের প্রায় ১৩ শতাংশ।

দেশে শিশুদের ওপর চলমান এই নৃশংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)। গত ২২ মে এক বিবৃতিতে সংস্থাটির তৎকালীন বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স শিশুদের ওপর সহিংসতা ও হত্যার বিচারহীনতা বন্ধের আহ্বান জানান। তিনি বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজসহ সব ক্ষেত্রে শিশুর নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দেন। একই সঙ্গে ভুক্তভোগীদের জন্য অভিযোগ দায়েরের ব্যবস্থা, শিশুবান্ধব পুলিশিং, বিচার প্রক্রিয়া, স্থানীয় সুরক্ষা সেবা এবং মানসিক-সামাজিক সহায়তা নিশ্চিতের পাশাপাশি স্কুল, মাদ্রাসা ও কর্মক্ষেত্রে জবাবদিহি বাড়ানোর ওপর জোর দেয় ইউনিসেফ।

শিশুদের ওপর এই ক্রমাগত নির্মমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ফাতেমা রেজিনা ইকবাল। তিনি বলেন, শিশুদের বিরুদ্ধে এ ধরনের নৃশংস আচরণ একটি সমাজের জন্য অত্যন্ত উদ্বেগজনক। খেলার মাঠ, বন্ধুদের সঙ্গে বাইরে যাওয়া কিংবা পরিবারের সঙ্গে থাকা—কোনো জায়গাতেই এখন শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। তিনি আরও উল্লেখ করেন, বড়দের মধ্যকার পারস্পরিক বিরোধ, প্রতিশোধ বা পারিবারিক হিংসার শিকার হচ্ছে শিশুরা। পাশাপাশি অপরাধীদের বিকৃত মানসিকতাও এর জন্য দায়ী। এসব অপরাধের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা গেলে সমাজে সচেতনতা বাড়বে এবং এ ধরনের অপরাধ প্রতিরোধ করা সম্ভব হবে।