জ্বালানি সংকটে বন্ধ দেশের ৩৫ বিদ্যুৎকেন্দ্র, বাড়ছে লোডশেডিং

জ্বালানি সংকটের কারণে বর্তমানে দেশের ৩৫টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে। এই পরিস্থিতির ফলে সারাদেশে দিনে ও রাতে সর্বোচ্চ আড়াই হাজার মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করতে হচ্ছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশে পর্যাপ্ত গ্যাসের সরবরাহ না থাকা এবং একই সঙ্গে তরল জ্বালানির সংকটই এই বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ থাকার মূল কারণ।

বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, তরল জ্বালানি বা ফার্নেস অয়েলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে গেলে প্রতি ইউনিটে প্রায় ২৫ টাকা খরচ পড়ে। অন্যদিকে কয়লাভিত্তিক কেন্দ্রে ১৩ থেকে ১৪ টাকা এবং গ্যাসভিত্তিক কেন্দ্রে প্রতি ইউনিটের উৎপাদন খরচ প্রায় সাত টাকা। বর্তমানে সবচেয়ে সাশ্রয়ী উৎস হিসেবে গ্যাসকে বিবেচনা করা হলেও দেশে গ্যাসের সরবরাহ বাড়ানো সম্ভব হচ্ছে না। তিনি জানান, দেশে প্রতিদিন দেশীয় উৎস থেকে এক হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট এবং আমদানি করা এলএনজি থেকে এক হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে। স্থলভাগে নতুন গ্যাস পাওয়ার অভাব এবং গ্যাস আমদানির অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে রাতারাতি সরবরাহ বাড়ানো কঠিন।

গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর মোট চাহিদা ২ হাজার ৫২৪ মিলিয়ন ঘনফুট হলেও গত ৭ অক্টোবর সরবরাহ করা হয়েছে মাত্র ৮৯৫ মিলিয়ন ঘনফুট। শিল্পখাতে রফতানি সচল রাখতে গ্যাসের সরবরাহ সীমাবদ্ধ রাখতে হচ্ছে। পিডিবির ৭ অক্টোবরের উৎপাদন চিত্র অনুযায়ী, গ্যাস সংকটের কারণে ঘোড়াশালের চারটি ইউনিটসহ মোট ছয়টি কেন্দ্র বন্ধ রয়েছে। ঘোড়াশালের ১ হাজার ১৫৩ মেগাওয়াট সক্ষমতার পাশাপাশি ভেড়ামারা, বাঘাবাড়ী ও সিরাজগঞ্জের মোট ১ হাজার ৩৯৫ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রগুলো বন্ধ রয়েছে।

তরল জ্বালানি সংকটের কারণে গোপালগঞ্জ, চৌমুহনী ও চাঁপাইনবাবগঞ্জ কেন্দ্র থেকে কোনো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না, যেগুলোর মোট সক্ষমতা ৩১৩ মেগাওয়াট। এ ছাড়া রক্ষণাবেক্ষণের কারণে সিদ্ধিরগঞ্জ ২১০ মেগাওয়াট, টঙ্গী ৮০ মেগাওয়াট, আশুগঞ্জ ইস্ট ৪০০ মেগাওয়াট এবং বড়পুকুরিয়ার ২৫০ ও ২৭৪ মেগাওয়াটের দুটি কেন্দ্রসহ মোট ছয়টি কেন্দ্র বা ইউনিট থেকে উৎপাদনের সম্ভাবনা নেই। এসবের মোট সক্ষমতা ১ হাজার ৩৩৯ মেগাওয়াট। চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় হরিপুর ৩৬০ মেগাওয়াট, মেঘনাঘাট ৪৫০ মেগাওয়াট এবং ভেড়ামারা ২০ মেগাওয়াট কেন্দ্র থেকেও বিদ্যুৎ নিচ্ছে না পিডিবি। তিন কেন্দ্রের মোট সক্ষমতা ৮৩০ মেগাওয়াট। যান্ত্রিক সমস্যার কারণে শাহজীবাজার ১০০ মেগাওয়াট গ্যাস টারবাইন কেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। এর বাইরে হরিপুর ৩২ মেগাওয়াট, চট্টগ্রাম ৪২০ মেগাওয়াট, সিকলবাহা পিকিং ১৫০ মেগাওয়াট, সিলেট ২০ মেগাওয়াট এবং সৈয়দপুর ১৫০ মেগাওয়াট কেন্দ্রেও কেন্দ্র বন্ধ রয়েছে। এ ছাড়া কয়লাচালিত বড়পুকুরিয়ার সব ইউনিট বন্ধ রয়েছে।

পিডিবির ৭ অক্টোবরের উৎপাদন চিত্র বিশ্লেষণ করে দেখা যায়, গ্যাস সংকটের কারণে ছয়টি কেন্দ্র বা ইউনিট বন্ধ রয়েছে। ঘোড়াশালের সবগুলো ইউনিট বন্ধ রয়েছে। ঘোড়াশালে চারটি ইউনিট রয়েছে। এগুলোর উৎপাদন ক্ষমতা ১ হাজার ১৫৩ মেগাওয়াট। এর বাইরে ভেড়ামারা ৪১০ মেগাওয়াট, বাঘাবাড়ী ৭১ মেগাওয়াট এবং সিরাজগঞ্জের ২২৫ মেগাওয়াটের তিনটি ইউনিট বন্ধ রয়েছে। এসব কেন্দ্রের মোট সক্ষমতা ১ হাজার ৩৯৫ মেগাওয়াট।