জিয়া হত্যা মামলার আসামি মেজর মোজাফফরের বিচার সেনা আদালতে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার সেনা আইনে সম্পন্ন হবে। সোমবার (২০ জুলাই) রাজধানীর পিলখানায় বিজিবি সদরদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, একই অপরাধের জন্য একজন ব্যক্তিকে দুটি ভিন্ন আইনে বিচার করা সম্ভব নয়। তাই তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে এবং জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমেই তার বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে। তিনি আরও বলেন, জিয়াউর রহমান হত্যা মামলার অন্যান্য আসামিদের বিচারও সামরিক আদালতে সম্পন্ন হয়েছে এবং তাদের বিরুদ্ধে জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে রায় দেওয়া হয়েছে। মোজাফফর হোসেন দীর্ঘদিন পলাতক থাকার কারণে তার বিচার এতদিন করা সম্ভব হয়নি। সম্প্রতি তাকে গ্রেফতারের পর সেনা আইনে বিচারের জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্ত্রী স্পষ্ট করেন যে, সিভিল কোর্টের সাথে কোনো বিষয় সংশ্লিষ্ট থাকলে তা পরবর্তীতে আইনগতভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এছাড়া এর আগে যেসব আসামি দণ্ডিত বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছেন, তাদের রায়ে মোজাফফরের বিষয়ে কোনো পর্যবেক্ষণ বা ফাইন্ডিংস থাকলে জেনারেল কোর্ট মার্শাল তা গুরুত্বের সাথে বিবেচনায় নেবে। বর্তমানে সিভিল কোর্টে তাকে নতুন করে অন্তর্ভুক্ত করা আইনসম্মত কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যালোচনা করবে বলে তিনি উল্লেখ করেন।