অনুমতি ছাড়া অনুপস্থিত: বরখাস্ত মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা

দীর্ঘদিন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং ‘পলায়ন’-এর অভিযোগে মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। রোববার (১৯ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ ২০২৫ সালের ৬ই আগস্ট থেকে কর্তৃপক্ষের কোনো প্রকার অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এই ঘটনার প্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তার দেওয়া জবাব কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক বিবেচিত হয়নি। পরবর্তীতে তার বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী ‘পলায়ন’-এর অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করা হয়।

তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে আনা ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হয়েছে বলে প্রতিবেদন দাখিল করেন। এরপর দ্বিতীয় দফায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলে তিনি যে জবাব দেন, সেটিও সন্তোষজনক বলে বিবেচিত হয়নি। অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাকে সরকারি চাকরি থেকে বরখাস্তের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ চাওয়া হলে কমিশনও তাকে বরখাস্তের পক্ষে মতামত দেয়। সব আইনি প্রক্রিয়া শেষে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এর বিধি ৪(৩)(ঘ) অনুযায়ী তাকে চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এই আদেশ তার অনুপস্থিতির তারিখ অর্থাৎ ২০২৫ সালের ৬ই আগস্ট থেকে কার্যকর হবে।