অপহরণের শিকার আলিম পরীক্ষার্থী, পরীক্ষায় অংশ নিতে না পারায় অনিশ্চয়তা

গাজীপুরের টঙ্গীতে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার আলিম পরীক্ষার্থী আব্দুর রহমান নাদিম (১৯) অপহরণ ও অজ্ঞান পার্টির খপ্পরে পড়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি মাদরাসা শিক্ষা বোর্ডের চলমান আলিম পরীক্ষার তিনটি বিষয়ে অংশ নিতে পারেননি। বর্তমানে অসুস্থ থাকায় তার পরিবার পরবর্তী পরীক্ষাগুলো নিয়ে গভীর উদ্বেগে রয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১৪ জুলাই আসরের নামাজের পর আব্দুর রহমান নাদিম টঙ্গী বাজারে কেনাকাটার উদ্দেশ্যে মাদরাসা ক্যাম্পাস থেকে বের হন। সন্ধ্যা ৭টার পর থেকে তার সঙ্গে পরিবারের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

পরদিন রাত আনুমানিক ২টার দিকে রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টর এলাকায় তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন এক ব্যক্তি। নাদিমের কাছে থাকা স্টুডেন্ট আইডি কার্ড দেখে অভিভাবকের মোবাইল নম্বর সংগ্রহ করা হয় এবং পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা নাদিমকে অপহরণের পর মারধর করে তার মোবাইল ফোন, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। প্রায় দুই দিন অচেতন থাকার পর তার জ্ঞান ফিরে আসে।

উদ্ধারের পর তাকে প্রথমে যাত্রাবাড়ীর ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে পরবর্তীতে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতাল এবং সবশেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক দিন চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেও তিনি এখনো পুরোপুরি সুস্থ নন।

নাদিমের বড় ভাই আব্দুল্লাহ আল নাঈম জানান, ১৫ জুলাই অনুষ্ঠিত আরবি দ্বিতীয় পত্র, ১৬ জুলাই হাদিস এবং ১৮ জুলাই ফিকহ প্রথম পত্রের পরীক্ষায় নাদিম অংশগ্রহণ করতে পারেননি। শারীরিক অসুস্থতার কারণে বাকি পরীক্ষাগুলো নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা তার শিক্ষাজীবনের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে টঙ্গী পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে থানায় জিডি হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।