জার্মানির রাজধানী বার্লিনে তিন দিনব্যাপী বিশ্ব স্বাস্থ্য সম্মেলন শুরু হয়েছে। ‘সংকট থেকে স্থিতিস্থাপকতা: স্বাস্থ্যের জন্য উদ্ভাবন’ প্রতিপাদ্যে আয়োজিত এই সম্মেলন মঙ্গলবার পর্যন্ত চলবে। তবে এই সম্মেলনে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যোগ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি অংশ নিচ্ছেন না বলে নিশ্চিত হওয়া গেছে।
সম্মেলনের যোগাযোগ ও প্রেস বিষয়ক পরিচালক আনা স্টর্মার জানিয়েছেন, স্বাস্থ্যগত কারণে ড. মুহাম্মদ ইউনূস সম্মেলনে যোগ দিতে পারছেন না। শনিবার বার্লিন পুলিশ কর্তৃপক্ষ বিক্ষোভের আয়োজনকারী মিজানুর হক খানকে এ তথ্য নিশ্চিত করেছে। সম্মেলনে ড. ইউনূসের গ্রামীণ হেলথটেক লিমিটেড নিয়ে বক্তব্য দেওয়ার কথা ছিল।
ড. ইউনূস সম্মেলনে অংশ না নিলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান সম্মেলনে যোগ দিচ্ছেন। তিনি একজন চিকিৎসক হিসেবে পেশাগত ভূমিকার পাশাপাশি জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, তিনি জনস্বাস্থ্য সংস্কার, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা সুবিধা সম্প্রসারণে সক্রিয়ভাবে কাজ করছেন।
সম্মেলন শুরুর তিন সপ্তাহ আগে ইউরোপের পাঁচটি আন্তর্জাতিক সংগঠন বাংলাদেশের হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ড. মুহাম্মদ ইউনূসের অংশগ্রহণ পুনর্বিবেচনার দাবিতে স্মারকলিপি ও পিটিশন দিয়েছিল। সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম (বেলজিয়াম), ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম (ইউরোপ ও যুক্তরাজ্য), ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ ইন জার্মানি, আর্থ সিভিলাইজেশন নেটওয়ার্ক এবং ফ্রিডম অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স যৌথভাবে এই পিটিশন দাখিল করেছিল। পিটিশনকারীদের দাবি ছিল, বাংলাদেশে হামের প্রাদুর্ভাব ও টিকাদান কর্মসূচিতে বিঘ্ন নিয়ে ড. ইউনূস যেন প্রকাশ্যে বক্তব্য দেন। এছাড়া জার্মান আওয়ামী লীগ ও প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে সম্মেলন স্থলের বাইরে বিক্ষোভের জন্য পুলিশি অনুমতিও নেওয়া হয়েছিল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২৩ এপ্রিলের প্রতিবেদনে বাংলাদেশে হাম পরিস্থিতির ঝুঁকি ‘উচ্চ’ বলে মূল্যায়ন করা হয়েছিল। প্রতিবেদনে ১৫ মার্চ থেকে ১৪ এপ্রিলের মধ্যে বাংলাদেশে ১৯ হাজার ১৬১ জন সন্দেহভাজন হাম রোগী এবং দুই হাজার ৯৭৩টি নিশ্চিত সংক্রমণ শনাক্তের তথ্য দেওয়া হয়। একই সময়ে ১৬৬টি সন্দেহভাজন ও ৩০টি নিশ্চিত হাম-সংক্রান্ত মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। আক্রান্তদের ৭৯ শতাংশের বয়স পাঁচ বছরের নিচে ছিল।
বিশ্ব স্বাস্থ্য সম্মেলন ২০০৯ সালে বার্লিনের শারিতে বিশ্ববিদ্যালয় হাসপাতালের ৩০০ বছর পূর্তি উপলক্ষে যাত্রা শুরু করে। বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি ও নাগরিক সমাজের মধ্যে সংলাপের মাধ্যমে বৈশ্বিক স্বাস্থ্য সমস্যার সমাধান খোঁজা এই সম্মেলনের মূল লক্ষ্য।
গতকাল রবিবার শুরু তিনদিনের ‘ওয়ার্ল্ড হেলথ সামিট ২০২৬’ -এর প্রতিপাদ্য ‘সংকট থেকে স্থিতিস্থাপকতা: স্বাস্থ্যের জন্য উদ্ভাবন।’ বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থার বর্তমান সংকট, ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, বিজ্ঞানী, চিকিৎসা বিশেষজ্ঞ, ব্যবসায়ী, নাগরিক সমাজ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা আবারও বার্লিনে সমবেত হয়েছেন। আগামীকাল মঙ্গলবার পর্যন্ত চলবে এই সম্মেলন।
ইউরোপের পাঁচটি আন্তর্জাতিক সংগঠনের এই স্মারকলিপি ও পিটিশন ছাড়াও জার্মান আওয়ামী লীগ ও জার্মান প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে সম্মেলন স্থলের বাইরে ৪০০ বিক্ষোভকারীর অংশগ্রহণের পুলিশি অনুমতি নেওয়া হয়।

