ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার হুথি মিলিশিয়াদের পরাজিত করার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নতুন করে সহায়তার আবেদন জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আফরাহ আল-জুবাহ গুরুত্ব দিয়ে বলেছেন যে, ইয়েমেনের স্থিতিশীলতা বজায় রাখা কেবল দেশটির জন্য নয়, বরং বিশ্ব সম্প্রদায়ের স্বার্থেই অত্যন্ত জরুরি।
সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পররাষ্ট্রমন্ত্রী আফরাহ আল-জুবাহ এই আহ্বান জানান। তিনি উল্লেখ করেন যে, উত্তেজনা প্রশমন এবং শান্তির সব ধরনের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি তার বার্তায় বন্ধু ও ভ্রাতৃপ্রতীম দেশগুলোর পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইয়েমেনের জনগণ, রাষ্ট্র এবং জাতীয় প্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন।
হুথি মিলিশিয়াদের মোকাবিলায় এই সহায়তা অত্যন্ত প্রয়োজন বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি অভিযোগ করেন, হুথিরা অস্ত্রের জোরে জনগণের ইচ্ছাশক্তিকে জিম্মি করে রেখেছে এবং এর ফলে ইয়েমেনের ভবিষ্যৎ প্রজন্মের জীবন ধ্বংসের মুখে পড়ছে।

