ইয়েমেনে ৪৪০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি সরকারি বাহিনীর

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে বড় ধরনের সাফল্যের দাবি করেছে। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আবদুল্লাহ আল-নাজিলি জানিয়েছেন, তাদের চলমান ‘অপারেশন ডন অব ইয়েমেন’ অভিযানে এ পর্যন্ত ৪৪০ জন হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে।

সরকারি সংবাদ সংস্থা সাবার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই অভিযানে হুথিদের সামরিক সক্ষমতা কমিয়ে আনতে সরকারি বাহিনী ১৩২টি সামরিক যান, সাঁজোয়া ইউনিট এবং ভারী অস্ত্র ধ্বংস কিংবা অকেজো করে দিয়েছে। মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ১ হাজার ৩০০টি হামলা চালিয়েছে সরকারি বাহিনী।

গত ৫ অক্টোবর রাজধানী সানা এবং হুথিদের দখলে থাকা অন্যান্য এলাকা পুনরুদ্ধারের লক্ষ্যে এই সামরিক অভিযান শুরু করে সরকারি বাহিনী। তবে এক মাস পেরিয়ে গেলেও পরিস্থিতির বড় ধরনের কোনো উন্নতি হয়নি। বর্তমানে দুই পক্ষের পালটাপালটি হামলা এবং নিজেদের সামরিক অবস্থান ধরে রাখার লড়াই দীর্ঘস্থায়ী সংঘাতের রূপ নিয়েছে।