যুক্তরাষ্ট্রে ১৫ বছরে প্রথম একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর

যুক্তরাষ্ট্রে গত বৃহস্পতিবার ওকলাহোমা, টেনেসি ও আলাবামা অঙ্গরাজ্যে বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করে তিন দণ্ডিত খুনির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গত ১৫ বছরের বেশি সময়ের মধ্যে এই প্রথম যুক্তরাষ্ট্রে একই দিনে এতজনের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটল। ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টার (ডিপিআইসি)-এর হিসাব অনুযায়ী, ২০১০ সালের পর এটিই এক দিনে সর্বোচ্চসংখ্যক মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা।

টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশনসের তথ্য অনুযায়ী, ন্যাশভিলের একটি উচ্চ নিরাপত্তাবেষ্টিত কারাগারে ৬৬ বছর বয়সী অ্যান্থনি হাইন্সের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তিনি ১৯৮৫ সালের মার্চ মাসে ক্যাথরিন জেনকিন্স নামের এক নারীকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। উল্লেখ্য, গত মে মাসে এই অঙ্গরাজ্যটিতে অন্য এক আসামির মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হয়েছিল, কারণ চিকিৎসাকর্মীরা তাঁর রক্তনালি খুঁজে পাননি।

ওকলাহোমার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, ম্যাকালেস্টার কারাগারে ৭০ বছর বয়সী কার্লোস কুয়েস্তা-রদ্রিগেজের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তিনি ২০০৩ সালে নিজের লিভ-ইন সঙ্গী ওলিম্পিয়া ফিশারকে হত্যার দায়ে দণ্ডিত হয়েছিলেন। এছাড়া আলাবামায় ৪২ বছর বয়সী জেরেমি উইলিয়ামসের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যিনি ২০২১ সালে কামারি হোল্যান্ড নামের পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে অভিযুক্ত ছিলেন।

এই তিনজনের মৃত্যুর পর চলতি বছর যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকর করার সংখ্যা দাঁড়িয়েছে ২২-এ। এর মধ্যে ফ্লোরিডায় ১২ জন, টেক্সাসে ৪ জন, ওকলাহোমায় ৩ জন এবং অ্যারিজোনা, টেনেসি ও আলাবামায় একজন করে আসামির দণ্ড কার্যকর করা হয়েছে। গত বছর যুক্তরাষ্ট্রে ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল, যা ২০০৯ সালের পর সর্বোচ্চ। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মৃত্যুদণ্ডের সাজা আরও বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ২৩টিতে ইতিমধ্যে মৃত্যুদণ্ড প্রথা বিলুপ্ত করা হয়েছে এবং তিনটি অঙ্গরাজ্যে এর ওপর স্থগিতাদেশ রয়েছে। গত বছর কার্যকর হওয়া মৃত্যুদণ্ডগুলোর মধ্যে ৩৯টি ক্ষেত্রে বিষাক্ত ইনজেকশন ব্যবহার করা হয়েছিল। এছাড়া ফায়ারিং স্কোয়াডে ৩ জন এবং নাইট্রোজেন হাইপোক্সিয়া পদ্ধতিতে ৫ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। নাইট্রোজেন হাইপোক্সিয়া পদ্ধতির ব্যবহার নিয়ে জাতিসংঘ নিন্দা জানিয়েছে।