যুক্তরাষ্ট্রে ইসরাইলের প্রতি কমছে দ্বিদলীয় সমর্থন, বাড়ছে কড়াকড়ির দাবি

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান ভিত্তি ছিল ইসরাইলের প্রতি দ্বিদলীয় সমর্থন। তবে সাম্প্রতিক বছরগুলোতে গাজায় ইসরাইলের সামরিক অভিযান এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের ঘটনায় সেই অবস্থানে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ডেমোক্র্যাটদের পাশাপাশি এখন রিপাবলিকান শিবিরের একটি অংশও ইসরাইলকে দেওয়া সামরিক সহায়তা সীমিত বা বন্ধ করার পক্ষে সরব হয়েছে। ওয়াশিংটনে সম্প্রতি ইসরাইলকে সামরিক সহায়তা বন্ধের আলোচনা জোরালো হলেও বিষয়টি একসময় প্রায় অকল্পনীয় ছিল। পাশাপাশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার জন্য আরো ৫০ কোটি ডলার দেওয়ার কথা রয়েছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বিপর্যয়ের পর ইসরাইলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার দাবি আরও জোরালো হয়েছে। বিশেষ করে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরাইলের ভূমিকা এবং এর ফলে মার্কিন অর্থনীতির ক্ষতির বিষয়টি রিপাবলিকানদের একাংশের সমালোচনার কেন্দ্রে রয়েছে। গত বুধবার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মন্তব্য করেছেন যে, ভবিষ্যতে নির্বাচনে জয়ী হতে হলে রিপাবলিকানদের ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে হবে এবং ইসরাইলের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করতে হবে।

তবে ওয়াশিংটনে ইসরাইলের প্রতি সমর্থন পুরোপুরি শেষ হয়ে যায়নি। সিনেটের শীর্ষ ডেমোক্র্যাট নেতা চাক শুমারসহ অনেকে এখনো ইসরাইলকে একটি গণতান্ত্রিক ও ইহুদি রাষ্ট্র হিসেবে সমর্থন দেওয়াকে যুক্তরাষ্ট্রের দায়িত্ব বলে মনে করেন। অন্যদিকে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের বিরুদ্ধে লড়াইয়ে ইসরাইলের পক্ষে জোরালো অবস্থান ধরে রেখেছেন।

ইসরাইলের প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান হোলেন মার্কিন করদাতাদের অর্থে ইসরাইল সরকারকে দেওয়া শর্তহীন সহায়তা বা 'ব্ল্যাঙ্ক চেক' বন্ধের দাবি জানিয়েছেন। এছাড়া জন অসফসহ বেশ কয়েকজন আইনপ্রণেতা নির্দিষ্ট কিছু অস্ত্র বিক্রি বন্ধের পক্ষে ভোট দিয়েছেন। মিশিগানের সিনেটর আবদুল এল-সাইয়েদও স্পষ্টভাবে জানিয়েছেন, গণহত্যা বা বর্ণবৈষম্যের মতো অপরাধে ব্যবহৃত হতে পারে এমন অস্ত্র ইসরাইলের কাছে বিক্রি করা উচিত নয়। উল্লেখ্য, মিশিগানে ডেমোক্র্যাটদের সিনেট প্রাথমিক নির্বাচনে এল-সাইয়েদকে হারাতে ইসরাইলপন্থী লবিং সংগঠন আমেরিকান ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির (এআইপ্যাক) সুপার প্যাক প্রায় ৩ কোটি ২০ লাখ ডলার ব্যয় করেছিল।

পর্যবেক্ষকদের মতে, ট্রাম্পও পরিবর্তিত এই রাজনৈতিক পরিস্থিতি আঁচ করতে পারছেন। নির্বাচনের দিন ফক্স নিউজকে দেওয়া এক ঘোষণায় তিনি চলতি বছরের শেষ নাগাদ ইসরাইলকে দেওয়া অধিকাংশ সামরিক সহায়তা বন্ধের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলায় ইসরাইলের প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হওয়ার পর দেশটিকে অতিরিক্ত সামরিক সহায়তা দেয় যুক্তরাষ্ট্র। তবে কংগ্রেসের সামরিক বাজেট সংক্রান্ত বিলে ইসরাইল ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সহযোগিতার বিধান থাকায় এই সিদ্ধান্ত বাস্তবায়ন কতটা সম্ভব, তা নিয়ে সংশয় রয়েছে। বারাক ওবামার আমলের চুক্তি অনুযায়ী, ২০২৮ সাল পর্যন্ত প্রতিবছর ইসরাইলকে ৩৩০ কোটি ডলার সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে যুক্তরাষ্ট্রের। ব্রাউন ইউনিভার্সিটির গবেষণা অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ইসরাইলের প্রাপ্ত মার্কিন সামরিক সহায়তার পরিমাণ প্রায় ২ হাজার ২০০ কোটি ডলারে পৌঁছেছে।

ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন স্বীকার করেছেন যে, যুক্তরাষ্ট্রে এখন ইসরাইলের জন্য রাজনৈতিক পরিবেশ আগের চেয়ে কঠিন হয়ে পড়েছে। তবে স্টিমসন সেন্টারের গবেষক এমা অ্যাশফোর্ডের মতে, এই বিতর্কের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান যুদ্ধ। সব মিলিয়ে, ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের কয়েক দশকের দ্বিদলীয় সমর্থনে ফাটল স্পষ্ট হয়ে উঠলেও সামরিক সহায়তা বন্ধ বা শর্ত আরোপের প্রস্তাবগুলো শেষ পর্যন্ত কংগ্রেসে কতটা গৃহীত হয়, তা দেখার অপেক্ষায় রয়েছে বিশ্ব।