ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের এ পর্যন্ত ৩৭.৫ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে বলে কংগ্রেসকে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এই অংকটি আগের প্রকাশ্য অনুমানের চেয়ে প্রায় ৮ বিলিয়ন ডলার বেশি। মার্কিন আইনপ্রণেতাদের হেগসেথ জানান, এই হিসাবের মধ্যে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সম্ভাব্য প্রাক্কলিত খরচও যুক্ত রয়েছে।

চলতি মাসের শুরুতে মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান শুরু করার পর এই প্রথম প্রতিরক্ষামন্ত্রী আইনপ্রণেতাদের মুখোমুখি হয়ে জনসমক্ষে প্রশ্নের জবাব দিলেন। শুনানিতে সিনেট অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির সামনে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।

হোয়াইট হাউসের প্রধান অগ্রাধিকারের অংশ হিসেবে সশস্ত্র বাহিনীর অর্থায়ন, কৃষকদের সহায়তা এবং নির্বাচনী আইনে পরিবর্তন আনার লক্ষ্যে একটি ৯৫ বিলিয়ন ডলারের রিপাবলিকান বাজেট প্যাকেজ নিয়ে বিতর্কের ঠিক আগে এই শুনানিটি অনুষ্ঠিত হয়। সম্প্রতি পেন্টাগন কর্তৃক এই যুদ্ধে আরও তিন মার্কিন সেনার নিহত হওয়ার খবর প্রকাশের মাত্র কয়েকদিন পরই এই শুনানি অনুষ্ঠিত হলো। নতুন এই প্রাণহানির ফলে যুদ্ধে মোট মার্কিন সেনা নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে। এছাড়া গত জুলাইয়ের শুরু থেকে এ পর্যন্ত ১০০ জনেরও বেশি সেনা আহত হয়েছেন।

শুনানি চলাকালে বিক্ষোভকারীদের কারণে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের উদ্বোধনী বক্তব্য বারবার বাধাগ্রস্ত হয়। একই সঙ্গে শুনানিতে অংশ নেওয়া বেশ কয়েকজন সিনেটর বর্তমান মার্কিন প্রশাসনের তীব্র সমালোচনা করেন।