মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এ নিজেদের মধ্যে সংঘর্ষে সাত মার্কিন সেনার মৃত্যু হয়েছে বলে ইরানের একটি সংবাদমাধ্যমে যে দাবি করা হয়েছে, তা পুরোপুরি মিথ্যা বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, রণতরীতে এমন কোনো ঘটনাই ঘটেনি এবং ইরান ইচ্ছাকৃতভাবেই এই মিথ্যা তথ্য ছড়িয়েছে।
তবে সেন্টকম জানিয়েছে, গত ৩ আগস্ট রণতরীটির একজন নাবিক সাগরে পড়ে গিয়েছিলেন। পরে তাঁকে দ্রুত ও নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
সাত সেনার মৃত্যুর খবরটি গুজব প্রমাণিত হলেও রণতরীটির প্রায় ৫ হাজার সদস্যের কঠিন পরিস্থিতির বিষয়টি সামনে এসেছে। সাধারণত ছয় মাস সমুদ্রে থাকার কথা থাকলেও গত ডিসেম্বরের পর থেকে রণতরীটি কোনো বন্দরে থামতে পারেনি এবং এর সদস্যরা টানা নয় মাস ধরে দায়িত্ব পালন করছেন।
মার্কিন কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যদের বরাত দিয়ে প্রতিবেদনে আরও জানানো হয়েছে, দীর্ঘ সময় সমুদ্রে অবস্থানের কারণে রণতরীটির ভেতরের পরিবেশ বেশ খারাপ হয়ে উঠেছে। সেখানে শৌচাগার নষ্ট, গরম পানির সংকট এবং তাজা ও পুষ্টিকর খাবারের অভাব রয়েছে। এছাড়া টানা ২০০ দিনের বেশি সময় সমুদ্রে থাকা এবং প্রতিকূল পরিবেশের কারণে নাবিকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

