ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এই পরিকল্পনার অংশ হিসেবে আরব সাগরে মোতায়েন মার্কিন রণতরী ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’-এ বিপুল পরিমাণ আধুনিক গোলাবারুদ ও উন্নত ক্ষেপণাস্ত্র মজুত করা হচ্ছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পরমাণু শক্তিচালিত এই রণতরী পরিদর্শনের সময় সাংবাদিক শেলবি হলিডে সেখানে ব্যাপক অস্ত্র ও গোলাবারুদ মজুত এবং যুদ্ধবিমান পরিচালনার প্রস্তুতি লক্ষ্য করেছেন। তিনি জানান, রণতরী ও এর সঙ্গে থাকা গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারের নাবিকরা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং বাঙ্কার-বাস্টার বোমাসহ বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্র বোঝাই করছেন। এই বিশেষ বোমাগুলো মাটির গভীরে থাকা বা শক্ত ভূগর্ভস্থ সুরক্ষিত স্থাপনায় আঘাত হানার সক্ষমতা রাখে।
মার্কিন সামরিক কর্মকর্তাদের ভাষ্যমতে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের সঙ্গে সংঘাত আরও তীব্র হলে যেন দ্রুত সামরিক অভিযান চালানো যায়, সে জন্য বাহিনীগুলোকে প্রস্তুত রাখা হচ্ছে। অস্ত্র মজুতের পাশাপাশি ইউএসএস জর্জ ওয়াশিংটনে মাঝরাতে যুদ্ধবিমান ওঠানামা ও ফ্লাইট অপারেশন জোরদার করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী ইরানের ওপর নতুন করে বিমান হামলা শুরু হতে পারে এবং সেই পরিস্থিতির জন্য রণতরীটি পুরোপুরি প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে। নিরাপত্তার কারণে আরব সাগরে রণতরীটির সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি।
এর আগে ১৫ অক্টোবর সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়, ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর মার্কিন বাহিনী ইরানে হামলা শুরু করতে পারে। পরিকল্পনায় ইরানের জ্বালানি অবকাঠামো এবং পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলো অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে পিকঅ্যাক্স মাউন্টেনে থাকা ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাও রয়েছে। সামরিক পরিকল্পনাকারীরা এসব স্থাপনায় হামলার কার্যকারিতা নিয়ে আলোচনা করছেন। এছাড়া নতুন করে সামরিক অভিযান শুরু হলে বিশ্বের অন্যতম শক্তিশালী বোমা ‘মাদার অব অল বোম্বস’ (এমওএবি) ব্যবহারের পরিকল্পনাও যুক্তরাষ্ট্রের রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির প্রভাবশালী এই সংবাদমাধ্যম।

