যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির পরাজয়কে ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতি মার্কিন জনগণের অনাস্থার প্রতিফলন হিসেবে দেখছে তেহরান। ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মন্তব্য করেছেন যে, মার্কিন ভোটাররা যুদ্ধের বিরুদ্ধেই তাদের রায় দিয়েছেন। গালিবাফ বলেন, জীবনযাত্রার ব্যয়ের চাপ কিংবা বিবেকের তাড়না—যেকোনো কারণেই হোক, আমেরিকানরা যুদ্ধকে ‘না’ বলেছে। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন সরকার যদি আন্তর্জাতিক স্বার্থান্বেষী মহলের খাতিরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে যায়, তবে এই রায়ের পরিণতি তাদের জন্য দুঃস্বপ্নের মতো হতে পারে।
মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় প্রেসিডেন্ট ট্রাম্প বড় ধরনের রাজনৈতিক ধাক্কার মুখে পড়েছেন। ভোটারদের এই অসন্তোষের পেছনে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শুল্কনীতি এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধের অর্থনৈতিক প্রভাব বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের ক্ষমতায় যে দলই থাকুক না কেন, ইরানের প্রতি ওয়াশিংটনের শত্রুতার নীতিতে বড় কোনো পরিবর্তন আসবে না। তিনি একই সঙ্গে দেশটির কাছে নতি স্বীকার না করার জন্য আহ্বান জানিয়েছেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের প্রভাব থাকার বিষয়টি স্বীকার করেছেন। তবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার সিদ্ধান্তের জন্য তার কোনো অনুশোচনা নেই বলেও জানিয়েছেন তিনি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে সংঘাতের সূচনা হয়। এর প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। বর্তমানে লেবানন ও ইয়েমেনসহ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়া এই যুদ্ধ অনেকটা অচলাবস্থায় থাকলেও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ডেমোক্র্যাটদের বিজয়কে স্বাগত জানালেও তেহরান নতুন করে হামলার আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে। ইরানের নীতিনির্ধারকদের মধ্যে উদ্বেগ রয়েছে যে, রাজনৈতিক ধাক্কা সামাল দিতে ট্রাম্প আবারও কোনো সামরিক অভিযান শুরু করতে পারেন।
বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, ‘বিবেকের তাড়নায় হোক কিংবা জীবনযাত্রার ব্যয়ের চাপে, আমেরিকানরা যুদ্ধকে না বলেছে।

