হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, মঙ্গলবার কিংবা বুধবারের মধ্যেই এ সংক্রান্ত একটি চুক্তি সম্পন্ন হতে পারে। তিনি আশা প্রকাশ করেন যে, এই চুক্তি স্বাক্ষরিত হলে জ্বালানির দাম স্থিতিশীল অবস্থায় ফিরে আসবে।
ইরানি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে উল্লেখ করে স্কট বেসেন্ট বলেন, পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে প্রণালিটি খুলে দেওয়া হবে বলে তিনি মনে করছেন। জাহাজ চলাচল স্বাভাবিক করার ক্ষেত্রে ইরান কোনো টোল আদায় করবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, সেখানে চলাচলের স্বাধীনতা বজায় থাকবে বলেই তিনি আশা করছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের সাথে বেসেন্টের এই বক্তব্যের মিল পাওয়া গেছে। সোমবার ট্রাম্প বলেছিলেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই এই গুরুত্বপূর্ণ জলপথ পুনরায় খুলে দেওয়া হতে পারে। যদিও এর বিপরীতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো ধরনের আলোচনা চলমান নেই।
স্কট বেসেন্ট আরও বলেন, বর্তমানে হরমুজ প্রণালিতে শত শত জাহাজ বের হওয়ার অপেক্ষায় রয়েছে। গত কয়েকদিন পরিস্থিতি কিছুটা ঝুঁকিপূর্ণ থাকলেও এরই মধ্যে বেশ কিছু জাহাজ সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। এই পরিস্থিতি পুরো বিশ্বের জ্বালানি বাজারের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে এবং তেলের দাম কমাতে সহায়তা করবে বলে তিনি মন্তব্য করেন।

