ইরানকে চাপে ফেলতে নতুন টাস্ক ফোর্স গঠন ওয়াশিংটনের

ইরানের ওপর চাপ প্রয়োগের কৌশল আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এতদিন মূলত সমুদ্রপথে অবরোধ ও নিষেধাজ্ঞার মাধ্যমে তেহরানের অর্থনৈতিক কর্মকাণ্ড সীমিত করার চেষ্টা চললেও, এবার নজর দেওয়া হয়েছে দেশটির স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগরের ওপর। ইরানের অস্ত্র সরবরাহ, সামরিক প্রযুক্তি পরিবহন এবং নিষেধাজ্ঞা এড়িয়ে বাণিজ্যের পথ বন্ধ করতে গঠন করা হয়েছে 'টাস্ক ফোর্স আয়রন গেট' নামে একটি বিশেষ ইউনিট।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই নতুন উদ্যোগটি নিয়েছে, যার মূল লক্ষ্য ইরানের সামরিক সক্ষমতা পুনর্গঠন এবং অস্ত্র ও প্রযুক্তি সরবরাহের নেটওয়ার্ক দুর্বল করা। প্রায় ২০ জন সামরিক ও বেসামরিক সদস্য নিয়ে গঠিত এই টাস্ক ফোর্সটির সদর দপ্তর হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা শহরে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, গত ৭ নভেম্বর কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এই টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন।

নতুন এই ইউনিটটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে। এর প্রধান দায়িত্ব হবে ইরানের স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে উন্নত অস্ত্রব্যবস্থা, দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি (ডুয়াল-ইউজ টেকনোলজি), নিষেধাজ্ঞাভুক্ত পণ্য এবং অবৈধ আয়ের উৎসগুলোর চলাচল পর্যবেক্ষণ ও প্রতিরোধ করা।

এই উদ্যোগের বিষয়ে অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, ‘টাস্ক ফোর্স আয়রন গেট গঠন সমুদ্রপথে ইরানের বিরুদ্ধে আমাদের কঠোর অবরোধের সাফল্যকে আরও সুসংহত করবে।’