দুই দশক ধরে ইরাকে অবস্থান করার পর দেশটি থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। গতকাল মঙ্গলবার মধ্যপ্রাচ্যের এই দেশটি থেকে মার্কিন বাহিনীর শেষ সদস্যরা চলে গেছেন। এই ঘটনাকে ইরাকের জন্য এক নতুন দিনের সূচনা হিসেবে দেখছে দেশটির সরকার। যদিও মার্কিন বাহিনীর এই প্রস্থানের পর দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অনেক ইরাকি নাগরিক গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আল-জাজিরাকে নিশ্চিত করেছেন যে, নির্ধারিত সময়ের একদিন আগেই মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে। তিনি জানান, ইরাকের ভূখণ্ডে এখন আর মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর কোনো সেনা অবশিষ্ট নেই। মুখপাত্র আরও দাবি করেন, বিদেশি বাহিনীর অনুপস্থিতিতে ইরাকি বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় পুরোপুরি সক্ষম।
তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ২০২৪ সালে হওয়া একটি সমঝোতার ভিত্তিতে এই সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়। সেই সময় দেশটিতে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা মোতায়েন ছিল। গত বছরই তাদের অধিকাংশকে সরিয়ে নেওয়া হয় এবং কেবল আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে কিছু সেনাসদস্য অবশিষ্ট ছিলেন। ২০০৩ সালে সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ইরাকে সামরিক অভিযান শুরু করে। পরবর্তী সময়ে ২০০৭ সালে মার্কিন সেনার সংখ্যা ১ লাখ ৭০ হাজার ছাড়িয়ে গিয়েছিল। এরপর ২০১১ সালে একটি অংশ চলে গেলেও ২০১৪ সালে ইসলামিক স্টেট (আইএস) বিরোধী অভিযানের প্রয়োজনে ফের সেনা মোতায়েন করা হয়।
ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি এই ঘটনাকে স্বাগত জানিয়ে বলেছেন, এর মাধ্যমে ইরাক বিদেশি সামরিক উপস্থিতির কবল থেকে মুক্ত হলো এবং জাতীয় সার্বভৌমত্ব পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হলো। ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্সের কমান্ডার আবু মোজতাবা আল-ইয়াসিরি একে একটি ঐতিহাসিক জয় হিসেবে অভিহিত করেছেন। তিনি মন্তব্য করেন, ৩০ সেপ্টেম্বর ইরাকের ইতিহাসের একটি কালো অধ্যায়ের সমাপ্তি ঘটল।
তবে ফালুজা অঞ্চলের আদিবাসী নেতা আবদুল রহমান আল-জোবাইর নিরাপত্তার শূন্যতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, ইরাক এখনই এককভাবে নিরাপত্তার দায়িত্ব নেওয়ার মতো অবস্থায় নেই এবং মার্কিন বাহিনীর এই প্রস্থান সাধারণ মানুষের মধ্যে ভয়ের উদ্রেক করেছে। এদিকে বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন বাহিনীর অনুপস্থিতিতে ইরাকে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রভাব ও সক্রিয়তা আরও বাড়তে পারে, যা তেহরানকে কৌশলগত সুবিধা দিতে পারে। বিশেষ করে সৌদি আরবের জ্বালানি পাইপলাইনে সাম্প্রতিক হামলা এবং ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রেক্ষিতে এই পরিবর্তন মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
২০০৬ সালের ডিসেম্বরে সাদ্দামের ফাঁসি দেওয়া হয়।

