মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা ও রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের কাছাকাছি জলসীমায় তৃতীয় একটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। একজন মার্কিন কর্মকর্তার নিশ্চিত করা তথ্য অনুযায়ী, ওই অঞ্চলে সব মিলিয়ে অতিরিক্ত ৯ থেকে ১০ হাজার সেনাসদস্য মোতায়েন করা হচ্ছে।

ইউএসএস থিওডোর রুজভেল্ট বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ গত রোববার সান ডিয়েগো ঘাঁটি ত্যাগ করে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এর ঠিক একদিন পরেই মাকিন আইল্যান্ড মেরিন এক্সপেডিশনরি ইউনিট (এমইইউ) রওনা হয়, যার সাথে দুই হাজারের বেশি মেরিন সেনা রয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যমতে, এই নৌবহর ও রণতরী মোতায়েনের ফলে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ৯ থেকে ১০ হাজার মার্কিন সেনা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মার্কিন ওই কর্মকর্তার মতে, আগামী নভেম্বরের শেষ নাগাদ ইরানের কাছাকাছি এলাকায় তিনটি বিমানবাহী রণতরী এবং দুটি উভচর ল্যান্ডিং গ্রুপ অবস্থান করবে। এর ফলে প্রেসিডেন্ট ট্রাম্প যখনই কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেবেন, তার সামনে বিকল্প বেছে নেওয়ার সুযোগ থাকবে।

এদিকে, চলমান এই সামরিক পদক্ষেপের সময়কালকে ঘিরে নানা আলোচনা চলছে। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার ঠিক এক মাস আগে এই সামরিক পদক্ষেপ নেওয়া হলো। এই যুদ্ধ ও উচ্চ মূল্যস্ফীতির কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা বর্তমানে নিম্নমুখী, যার নেতিবাচক প্রভাব রিপাবলিকান পার্টির ওপর পড়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া টাইম ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, মধ্যবর্তী নির্বাচনের পর তিনি ইরানে বোমাবর্ষণ বাড়ানোর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না।

চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে ১২০টির বেশি বিমান মোতায়েন করেছে। ইরান যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় সাত হাজার অতিরিক্ত সেনা মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। ২০২৫ সালের মাঝামাঝি পর্যন্ত সেখানে ৪০ থেকে ৫০ হাজার মার্কিন সেনা অবস্থান করছিল।

বিশ্লেষকদের মতে, এই সেনা মোতায়েন ইরানের সাথে ওয়াশিংটনের নতুন কোনো দরকষাকষির কৌশল হতে পারে। গত সপ্তাহে ইরান হরমুজ প্রণালি সাত দিনের মধ্যে পুনরায় খুলে দেওয়ার একটি প্রস্তাব দিলেও যুক্তরাষ্ট্র তা প্রত্যাখ্যান করেছে। ওয়াশিংটন চায় ইরানের পারমাণবিক কর্মসূচি বা অন্যান্য বিষয়ে আলোচনার মাধ্যমে কোনো শর্তে পৌঁছাতে।