ইরানের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘায়িত না করতে মার্কিন কমান্ডারদের সতর্কতা

ইরানের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘায়িত করার বিষয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে সতর্ক করেছেন শীর্ষ মার্কিন কমান্ডাররা। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের বরাতে আলজাজিরা জানিয়েছে, বেশ কয়েকজন শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তা হেগসেথকে ইরানের বিরুদ্ধে বড় আকারের অভিযান অব্যাহত না রাখার পরামর্শ দিয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানদের পাশাপাশি ইউরোপ, এশিয়া ও লাতিন আমেরিকায় মার্কিন বাহিনীর দায়িত্বে থাকা কমান্ডাররাও এই সতর্কবার্তায় যুক্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী সামরিক মোতায়েনের রূপরেখা দেওয়া একটি নিয়মিত প্রকাশিত গোপনীয় প্রতিবেদনে এই সতর্কবার্তাটি উঠে এসেছে। সামরিক কর্মকর্তারা একটি আনুষ্ঠানিক নোটিশ দাখিল করে জানিয়েছেন যে, তারা এই মোতায়েন আদেশের সঙ্গে একমত নন, তবে তা কার্যকর করবেন।

কমান্ডারদের মতে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে বিভিন্ন অঞ্চল থেকে মার্কিন যুদ্ধজাহাজ, সামরিক বিমান ও সরঞ্জাম সরিয়ে নেওয়ায় সংশ্লিষ্ট অঞ্চলে অন্যান্য সামরিক অভিযান পরিচালনা এবং সেনাদের প্রশিক্ষণ দেওয়ার সক্ষমতা কমে গেছে।

এদিকে, ইরানের বিরুদ্ধে নতুন হামলার নির্দেশ আসতে পারে—এমন আশঙ্কায় ৫০ হাজারের বেশি মার্কিন সেনাকে কয়েক মাস ধরে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের ওপর হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নেওয়ার জন্য চাপ অব্যাহত রেখেছেন।