যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে বিমান চলাচলে নজিরবিহীন বিপর্যয়ের ঘটনা দেশটিতে পুরোনো এয়ার ট্রাফিক কন্ট্রোল-ব্যবস্থা আধুনিকায়নের দাবিকে নতুন করে সামনে নিয়ে এসেছে। তবে এই আধুনিকায়ন প্রকল্পের অর্থায়ন ও বাস্তবায়নের ধরণ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবং ডেমোক্র্যাটদের মধ্যে নতুন রাজনৈতিক বিরোধের আশঙ্কা তৈরি হয়েছে। আগামী বছর কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার পর এই বিরোধ আরও তীব্র রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে হাজার হাজার ফ্লাইট বাতিল ও বিলম্বিত হওয়ার ঘটনায় ১০ লাখের বেশি যাত্রীর ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হয়। যদিও সোমবারের মধ্যে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে, কিন্তু এই বিপর্যয়ের দায় ও কারণ নিয়ে রাজনৈতিক পাল্টাপাল্টি বক্তব্য শুরু হয়েছে। আগামী থ্যাংকসগিভিং উৎসবের সময় বিপুল সংখ্যক মানুষের যাতায়াত নিয়ে এখন নতুন উদ্বেগ তৈরি হয়েছে। পুরোনো এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা কত দ্রুত আধুনিক করা সম্ভব, এতে কত অর্থ লাগবে এবং একই ধরনের বিপর্যয় আবার ঘটতে পারে কি না—এসব প্রশ্ন এখন সামনে এসেছে।
যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি রোববার বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে কংগ্রেসকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি আকাশপথে যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলে আশ্বস্ত করেন। সিএনএনের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে ডাফি বলেন, কয়েক দশক ধরে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় প্রয়োজনীয় বিনিয়োগ করা হয়নি। তিনি জানান, বহু পুরোনো তামার তার পরিবর্তনের কাজের সময় নেটওয়ার্কে বিপুল পরিমাণ তথ্য প্রবেশ করায় পুরো ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছিল, যা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়। এটি প্রমাণ করে যে, দীর্ঘদিন ধরে ব্যবহৃত প্রযুক্তি সচল রেখেই সেটি আধুনিক করা কতটা জটিল।
শুক্রবারের বিপর্যয়ের পর ট্রাম্প প্রশাসন প্রথমে বিষয়টির সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি। পরে রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ বিপর্যয়ের জন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে দায়ী করেন। একই সঙ্গে তিনি খণ্ড খণ্ড অর্থায়নের পরিবর্তে বড় অঙ্কের অর্থ বরাদ্দ দিয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা আধুনিক করার দাবি জানান। পরিবহনমন্ত্রী ডাফি নতুন অর্থায়নের দাবি ৩০ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করেছেন। তবে এ অর্থের প্রয়োজনীয়তা বা ব্যয়ের খাত সম্পর্কে বিস্তারিত পরিকল্পনা না থাকায় ডেমোক্র্যাটদের মধ্যে প্রশ্ন উঠেছে।
ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান হলেন দাবি করেছেন, ট্রাম্প প্রশাসনকে আগেই ১২ বিলিয়ন ডলার দেওয়া হয়েছে, যার মাত্র এক-তৃতীয়াংশ ব্যয় হয়েছে। ফলে নতুন বরাদ্দের আগে প্রশাসনকে আগের বরাদ্দের হিসাব দিতে হবে। তবে তিনি প্রয়োজনীয় অর্থ বরাদ্দে সমর্থন জানিয়ে বলেন, সমস্যা সমাধানে যত অর্থ প্রয়োজন তিনি তা দিতে রাজি, কিন্তু প্রশাসনকে এর যৌক্তিকতা তুলে ধরতে হবে। অন্যদিকে, ডেমোক্র্যাট প্রতিনিধি জিম হাইমস এই বিপর্যয়ের জন্য ট্রাম্প প্রশাসনের জনবল সংকোচনের সমালোচনা করেছেন। তার অভিযোগ, ইলন মাস্কের নেতৃত্বাধীন সরকারি দক্ষতা বিভাগের উদ্যোগে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) থেকে প্রায় ১ হাজার ৩০০ কর্মী অবসর নিতে বা চাকরি ছাড়তে বাধ্য হন এবং আরও ৪০০ কর্মীকে ছাঁটাই করা হয়, যা সংস্থার সক্ষমতা ক্ষতিগ্রস্ত করেছে।
গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিসের (জিএও) সেপ্টেম্বরের প্রতিবেদন অনুযায়ী, এফএএ আধুনিকায়নে অগ্রগতি দেখালেও প্রকল্পগুলোর পূর্ণাঙ্গ ব্যয়-প্রাক্কলন ও নির্দিষ্ট সময়সূচি নেই। পরিবহনমন্ত্রী ডাফি স্বীকার করেছেন যে, বর্তমানে ব্যবহৃত কিছু ব্যবস্থা ১৯৯০-এর দশকের এবং কিছু রাডার প্রযুক্তি ১৯৬০ ও ১৯৭০-এর দশকের। অতীতেও রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের প্রশাসনের সময় এ খাতে বিনিয়োগের ঘাটতি ও আধুনিকায়নে বিলম্ব নিয়ে মতবিরোধ হয়েছে। ২০১১ সালে ভ্যান হলেন রিপাবলিকানদের বিরুদ্ধে বরাদ্দ কমানোর অভিযোগ করেছিলেন, আবার ২০১৫ সালে ওবামার বাজেট পরিচালক শন ডোনোভানও এফএএর বাজেট কমানোর সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন। ২০২৫ সালেও ট্রাম্প প্রশাসনের ১২ দশমিক ৫ বিলিয়ন ডলারের অর্থায়ন প্রস্তাব নিয়ে ডেমোক্র্যাটরা প্রশ্ন তুলেছিলেন।
আগামী বছর ট্রাম্প প্রশাসন ও ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেসের মধ্যে বড় বিরোধের সূচনা হতে পারে। ডেমোক্র্যাট সিনেটর ট্যামি ডাকওয়ার্থ রিপাবলিকানদের বিরুদ্ধে ট্রাম্পের ব্যক্তিগত প্রকল্পের চেয়ে বিমান নিরাপত্তাকে অগ্রাধিকার না দেওয়ার অভিযোগ তুলেছেন। অন্যদিকে ডাফি রাজনৈতিক বিরোধ এড়িয়ে ঐকমত্যের আহ্বান জানিয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের গভীর রাজনৈতিক মেরুকরণ, বাজেট নিয়ে বিরোধ এবং সরকারি প্রকল্প বাস্তবায়নে আস্থার সংকট এই সংস্কার উদ্যোগকে কঠিন করে তুলতে পারে। ফলে দেশটির আকাশপথের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার শেষ পর্যন্ত রাজনৈতিক সংঘাতের কারণে কতটা বাধাগ্রস্ত হয়, সেটিই এখন বড় প্রশ্ন।
২০১১ সালে তৎকালীন ডেমোক্র্যাট আইনপ্রণেতা ভ্যান হলেন অভিযোগ করেছিলেন, রিপাবলিকান নেতারা এভিয়েশন অবকাঠামো উন্নয়নের বরাদ্দ কমিয়ে ২০০৮ সালের পর্যায়ে নামিয়ে এনেছেন। ২০১৫ সালে প্রেসিডেন্ট বারাক ওবামার বাজেট পরিচালক শন ডোনোভানও এফএএর জন্য প্রস্তাবিত ২ দশমিক ৬ বিলিয়ন ডলারের বাজেট থেকে ২৫৫ মিলিয়ন ডলার কমানোর সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন। তাঁর আশঙ্কা ছিল, এতে বিমান চলাচলে বিলম্ব বাড়বে এবং ভবিষ্যতে অবকাঠামো প্রতিস্থাপনের ব্যয়ও বৃদ্ধি পাবে।

