ইউক্রেনকে ২১০ কোটি ডলারে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্রমবর্ধমান বিমান হামলা প্রতিহতের লক্ষ্যে ইউক্রেনের কাছে ৫০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। উচ্চপ্রযুক্তির পিএসি-৩ ইন্টারসেপ্টর ঘরানার এই অস্ত্রগুলোর মোট চুক্তি মূল্য ধরা হয়েছে ২১০ কোটি ডলার। তবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, এই সামরিক সহায়তা দেশটির হাতে পৌঁছাতে কয়েক বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, এই কেনাকাটায় যুক্তরাষ্ট্রের নিজস্ব কোনো তহবিল ব্যয় হবে না। পুরো অর্থ জোগান দেবে কানাডা এবং ইউরোপীয় মিত্র দেশগুলো। মূলত জার্মানি, কানাডা ও নরওয়ের অনুদানের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের বিশেষ সহায়তা তহবিল থেকে চুক্তির অর্থ শোধ করা হবে। মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান লকহিড মার্টিন চুক্তিটির প্রধান ঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করবে।

শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তিনি জোর দিয়ে বলেন, শীত মৌসুম শুরুর আগেই ইউক্রেনের জন্য এসব ক্ষেপণাস্ত্রের চরম প্রয়োজন। রাশিয়া ইতিমধ্যে দেশটির জ্বালানি অবকাঠামোতে আক্রমণ তীব্র করেছে এবং মস্কো গত দুই সপ্তাহে বিদ্যুৎ ব্যবস্থার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় ৩০টিরও বেশি হামলা চালিয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র থেকে গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহের সবুজসংকেত পেতে ইউক্রেনকে প্রায় এক মাস অপেক্ষা করতে হয়েছিল। সরবরাহের এই বিলম্বকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েনও তৈরি হয়েছিল।

এদিকে বৈশ্বিক চাহিদা ও যোগান সংকটের কারণে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের উৎপাদন ও সময়মতো সরবরাহ নিশ্চিত করা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা রয়েছে। পেন্টাগন বা মার্কিন প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বছরে মাত্র ৬০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদিত হয়। ধারণা করা হচ্ছে, নতুন চাহিদা অনুযায়ী এগুলো তৈরি করেই সরবরাহ করতে হবে, যার ফলে দ্রুততম সময়ে ইউক্রেনের হাতে এসব ক্ষেপণাস্ত্র পৌঁছানোর সম্ভাবনা কম।