প্রায় চার ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রের আকাশসীমায় বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে। দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) তাদের আকাশসীমা চলাচলের জন্য খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টা ৩৬ মিনিটে রাডার ও যোগাযোগব্যবস্থায় অস্থিতিশীলতা শনাক্ত হওয়ার পর উড্ডয়ন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর রাত ৮টা ১৫ মিনিটে পুনরায় আকাশসীমা খুলে দেওয়া হয়।
রয়টার্স ও বিবিসির তথ্যানুযায়ী, এফএএর রাডার, যোগাযোগব্যবস্থা ও নিয়ন্ত্রণকেন্দ্রগুলোতে অস্থিতিশীলতা দেখা দিয়েছিল। রাউটার থেকে অসংগতিপূর্ণ তথ্য আসা এবং অতিরিক্ত তথ্যের চাপে রাউটারগুলো অকার্যকর হয়ে পড়ায় এই উড্ডয়ন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়। এফএএর নিয়ন্ত্রণকেন্দ্র ও টার্মিনাল রাডার অ্যাপ্রোচ কন্ট্রোল (ট্র্যাকন) কার্যক্রম পুনরায় সচল হয়েছে। তবে বিকেলের এই ঘটনায় সৃষ্ট জটিলতা কাটিয়ে উঠতে সময় লাগবে এবং আগামী কয়েক দিন এর প্রভাব বিমান চলাচলে থাকতে পারে। পরিস্থিতি স্বাভাবিক করতে সপ্তাহান্তের ফ্লাইটগুলো পর্যালোচনা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থাকে অত্যন্ত পুরোনো হিসেবে উল্লেখ করে এফএএ কর্তৃপক্ষ জানায়, আধুনিকায়নের জন্য কংগ্রেসের কাছে ৫০ বিলিয়ন ডলার বরাদ্দের প্রয়োজন। বর্তমানে দেশটির কংগ্রেসের উভয় কক্ষই রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে রয়েছে।
হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী মার্কওয়েন মুলিন নিশ্চিত করেছেন যে, এই উড্ডয়ন নিষেধাজ্ঞার পেছনে কোনো সাইবার হামলার সংশ্লিষ্টতা নেই। এছাড়া সাম্প্রতিক দিনগুলোতে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় দেখা দেওয়া বিভ্রাটের সঙ্গেও এর কোনো সম্পর্ক নেই। এর আগে তিনটি সূত্র জানিয়েছিল যে, প্রতিরক্ষা ও প্রযুক্তি প্রতিষ্ঠান এলথ্রিহ্যারিস পরিচালিত এফএএর গুরুত্বপূর্ণ যোগাযোগ নেটওয়ার্কের সমস্যার সঙ্গে এই বিভ্রাটের সম্পর্ক রয়েছে। তবে এফএএ কর্তৃপক্ষ জানিয়েছে, যোগাযোগব্যবস্থা বা রাডার সক্ষমতা পুরোপুরি অচল হয়ে পড়েনি।

