প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০১:০১ পিএম। সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য ফের নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তাঝুঁকির আশঙ্কায় দেশটিতে কর্মরত জরুরি নয়—এমন মার্কিন সরকারি কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের সৌদি আরব ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এই নির্দেশনা জানানো হয়।
এর আগে গত ২৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রথমবারের মতো এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছিল। সেই ধারাবাহিকতায় রিয়াদের মার্কিন দূতাবাস আবারও নাগরিকদের সতর্ক করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দূতাবাস জানায়, সাম্প্রতিক সময়ে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটছে। এই পরিস্থিতির কারণে সৌদি আরবের যেকোনো বিমানবন্দর ব্যবহারের ক্ষেত্রে মার্কিন সরকারি কর্মীদের মিশনপ্রধানের বিশেষ অনুমোদন নিতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সৌদি আরবের বিমানবন্দরগুলো লক্ষ্য করে ভবিষ্যতে নতুন করে হামলা হতে পারে। এ ছাড়া আকাশসীমা বন্ধ হওয়া, ফ্লাইট বাতিল এবং যাতায়াত ব্যবস্থায় বিঘ্ন ঘটার মতো ঝুঁকিও রয়েছে। এসব ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে এবং ভ্রমণসংক্রান্ত পরিস্থিতির যেকোনো পরিবর্তনের বিষয়ে খোঁজখবর রাখতে বলা হয়েছে।

