রাশিয়ার ওয়াইল্ডবেরিজ গুদামে ইউক্রেনীয় ড্রোন হামলায় নিহত ৭

রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেছে। দেশটির তাম্বোভ অঞ্চলের কোতোভস্ক শহরে রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের একটি গুদামে ইউক্রেনীয় ড্রোন আঘাত হানলে ৭ জন নৈশকালীন কর্মী ঘটনাস্থলেই নিহত হন। এ হামলায় আরও ২৫ জন কর্মী আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ওই অঞ্চলের গভর্নর এভগেনি পারভিশভ।

গভর্নর পারভিশভ টেলিগ্রামে জানান, রাশিয়ার আকাশসীমায় ধেয়ে আসা মোট ২৮টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, ড্রোনগুলো যদি তাদের লক্ষ্যে সফলভাবে আঘাত হানতে পারত, তবে বেসামরিক হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারত।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার দুটি লজিস্টিক স্থাপনায় সফল আঘাত হেনেছে। তার ভাষ্যমতে, রাশিয়া এসব স্থাপনা ড্রোন উৎপাদন এবং নেভিগেশন সরঞ্জামের যন্ত্রাংশ সরবরাহের কাজে ব্যবহার করত। এর বাইরেও একটি তেল স্থাপনায় হামলার কথা উল্লেখ করেছেন তিনি।

অন্যদিকে মস্কোর গভর্নর ভোরোবিভ জানিয়েছেন, নোগিনস্ক শহরে একটি ড্রোনের ধ্বংসাবশেষ আছড়ে পড়ার পর সেখানকার একটি তেল ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ওয়াইল্ডবেরিজের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তাতিয়ানা কিম এই ঘটনাকে রাশিয়া এবং তাদের কোম্পানির জন্য একটি ভয়াবহ রাত হিসেবে বর্ণনা করেছেন এবং ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।