আমিরাতে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৭ জনের প্রাণহানি

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় সাতটি দেশের অন্তত ৩০ জন নাগরিক আহত হয়েছেন। খালিজ টাইমসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফুজাইরাহর শেখ খলিফা বিন জায়েদ সড়কে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সেখানে একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়িকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এতে যানজটে আটকে থাকা আরও কয়েকটি গাড়ির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে ট্রাকটিতে আগুন ধরে যায় এবং তা পার্শ্ববর্তী গাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। ১৮টি গাড়ি ও পাঁচটি ট্রাকের এই ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলেই ১৪ জন নিহত হন।

এই ঘটনায় আহত ৩০ জনের মধ্যে ১৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন এবং বাকিরা চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে আমিরাত, ওমান, ভারত, ব্রাজিল, পাকিস্তান, জর্ডান ও মিসরের নাগরিক রয়েছেন। নিহতদের পরিচয় নিশ্চিত করার জন্য ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।

একইদিনে পৃথক অপর একটি সড়ক দুর্ঘটনায় ভারতের কেরালা রাজ্যের একই পরিবারের তিন সদস্য প্রাণ হারিয়েছেন। শারজাহ থেকে ফুজাইরাহ ফেরার পথে তাদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। নিহতদের মধ্যে ২১ বছর বয়সী যমজ ভাইবোন ও তাদের তিন বছর বয়সী ভাগনে রয়েছে। পরিবারের আরও চার সদস্য আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় ভারতীয় সম্প্রদায়ের তথ্য অনুযায়ী, ওই তরুণদের বাবা ফুজাইরাহ শহরে একটি খাবারের দোকান পরিচালনা করেন। এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।