ইরানকে কোণঠাসা করতে মধ্যপ্রাচ্য নিয়ে বড় ধরনের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে খসড়া পর্যায়ে থাকা এই কৌশলের মূল লক্ষ্য থাকবে একটি শক্তিশালী আঞ্চলিক জোট গঠন করা। ব্যবসায়ী থেকে পুরোদস্তুর রাজনীতিবিদ বনে যাওয়া ডোনাল্ড জে ট্রাম্পের জীবন নানা চড়াই-উতরাই ও বিতর্কে ভরা।
যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের জন্ম ১৯৪৬ সালের ১৪ জুন, নিউইয়র্কের কুইন্সে। তাঁর বাবা ফ্রেড ট্রাম্প ছিলেন নিউইয়র্কের একজন আবাসন ব্যবসায়ী এবং মা মেরি ট্রাম্প ছিলেন স্কটিশ বংশোদ্ভূত মার্কিন নাগরিক। পাঁচ ভাইবোনের মধ্যে ট্রাম্প ছিলেন চতুর্থ। শৈশব থেকেই অত্যন্ত চঞ্চল স্বভাবের হওয়ায় তাঁকে নিউইয়র্ক মিলিটারি অ্যাকাডেমিতে ভর্তি করা হয়। পরবর্তীতে ১৯৬৮ সালে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ারটন স্কুল থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন তিনি। এরপরই তিনি বাবার ব্যবসায় যোগ দেন। বাবা অত্যন্ত ধনী হওয়া সত্ত্বেও ট্রাম্প তাঁর প্রতিষ্ঠানে একেবারে ছোট একটি পদ দিয়ে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি পৈতৃক ব্যবসার ব্যাপক সম্প্রসারণ ঘটান এবং ধীরে ধীরে হোটেল, বহুতল ভবন, গলফ কোর্স ও ক্যাসিনোসহ বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তোলেন।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার অনেক আগে থেকেই মার্কিন সমাজে ট্রাম্প একজন ধনকুবের হিসেবে পরিচিত ছিলেন। তাঁর জীবনের সিংহভাগ সময়ই কেটেছে ব্যবসা-বাণিজ্য আর শোবিজ নিয়ে। দীর্ঘদিন ধরে তিনি মিস ইউনিভার্সের স্পনসর ছিলেন। এ ছাড়া ‘দ্য অ্যাপ্রেনটিস’ নামের একটি জনপ্রিয় টিভি রিয়্যালিটি শো উপস্থাপনা করে তিনি তারকাখ্যাতি পান এবং রেসলিং ম্যাচও উপস্থাপনা করেছেন। তবে ব্যবসায়িক জীবনে তিনি কয়েকবার নিজেকে দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হন এবং বহু মামলার মুখোমুখি হয়েছেন। ব্যক্তিগত জীবনে ট্রাম্প তিনবার বিয়ে করেছেন এবং তিনি পাঁচ সন্তানের জনক। তাঁর প্রথম স্ত্রী ছিলেন চেক মডেল ইভানা, যাঁর সঙ্গে ১৯৯২ সালে বিচ্ছেদ হয়। এরপর ১৯৯৩ সালে তিনি মার্লা ম্যাপলসকে বিয়ে করেন এবং ১৯৯৯ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে ২০০৫ সালে তিনি মডেল মেলানিয়াকে বিয়ে করেন, যিনি বর্তমানে ফার্স্ট লেডি হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনীতিতে ট্রাম্পের পূর্ব অভিজ্ঞতা তেমন একটা ছিল না। ২০১৫ সালের ১৫ জুন কোটিপতি এই ব্যবসায়ী আচমকা প্রেসিডেন্ট পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেন। শুরুতে তাঁর এই ঘোষণাকে খুব কম মানুষই গুরুত্বের সঙ্গে নিয়েছিলেন এবং তা নিয়ে বেশ হাসিঠাট্টাও হয়েছিল। তবে ট্রাম্প তাঁর লক্ষ্যে অবিচল ছিলেন এবং রিপাবলিকান পার্টির সদস্য হিসেবে ১৬ জন প্রার্থীকে পরাজিত করে দলীয় মনোনয়ন নিশ্চিত করেন। ২০১৬ সালের ৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে সব ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করে ডেমোক্রেটিক পার্টির অভিজ্ঞ রাজনীতিবিদ হিলারি ক্লিনটনকে নাটকীয়ভাবে পরাজিত করে হোয়াইট হাউসে যান ট্রাম্প। ২০১৭ সালের ২০ জানুয়ারি তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।
নির্বাচনী প্রচারের সময় থেকেই ট্রাম্প নানা কারণে আলোচনার কেন্দ্রে ছিলেন। বিশেষ করে রাশিয়া ও দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি তাঁর প্রকাশ্য অনুরাগ এবং অভিবাসী, মুসলমান, নারী ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে তাঁর নেতিবাচক দৃষ্টিভঙ্গি তীব্রভাবে সমালোচিত হয়। তাঁর বিরুদ্ধে অশালীন আচরণ ও যৌন হয়রানির অভিযোগও ওঠে। এমনকি ট্রাম্প জয়ী হওয়ার পর নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ ওঠে এবং তাঁকে জেতাতে রাশিয়া কলকাঠি নেড়েছে কি না, তা নিয়ে তদন্ত চলছে।
প্রেসিডেন্ট হওয়ার পরও ট্রাম্পের বিতর্কিত কর্মকাণ্ড বন্ধ হয়নি। মুসলিম নিষেধাজ্ঞাসহ বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে একের পর এক নির্বাহী আদেশ জারি করে তিনি প্রতিনিয়ত সংবাদের শিরোনাম হয়েছেন। প্রশাসন চালাতে গিয়েও তাঁকে বেশ বেগ পেতে হয়েছে, যার ফলে ট্রাম্প প্রশাসনের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা প্রথম বছরই বিদায় নেন। সংবাদমাধ্যমের সঙ্গে তাঁর নিত্যদিনের লড়াই এবং টুইটারে নিয়মিত নানান মন্তব্য করার কারণে তাঁর মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন উঠেছে। অভ্যন্তরীণ নীতির মতো তাঁর বৈশ্বিক নীতিও বেশ গোলমেলে বলে মনে করেন বিশ্লেষকেরা। এর মধ্যেই তিনি দ্বিতীয় মেয়াদে নির্বাচন করার ইচ্ছার কথা জানিয়ে রেখেছেন।

