ইরানকে কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এই হামলার প্রেক্ষিতে তেহরানকে কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ফক্স নিউজের প্রতিবেদক ট্রে ইংস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তারা কঠিন মূল্য দেবে এবং আমরা তাদের ওপর কঠোর আঘাত হানবো।

ট্রাম্প দাবি করেন, আকস্মিক ইরানি ক্ষেপণাস্ত্র হামলার কারণে মার্কিন সেনাদের প্রতিক্রিয়া জানানোর জন্য মাত্র কয়েক মিনিটের মতো সময় ছিল। তবে তারা সফলভাবে সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছেন। একই সঙ্গে তিনি জানান, রাতে ইরাকে ইরান-সমর্থিত আধাসামরিক গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব যে বিমান হামলা চালিয়েছে, তা ইরাক সরকারের সঙ্গে সমন্বয় করেই পরিচালিত হয়েছে। এতে অন্তত ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোকে বিশ্বের জন্য এক ধরনের ক্যানসার হিসেবে অভিহিত করে ট্রাম্প বলেন, তার প্রশাসন ইরানের মিত্র ও প্রক্সি সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আরও পদক্ষেপ নেয়ার বিষয়টি বিবেচনা করছে। গত শুক্রবার থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা স্থগিত থাকলেও, বুধবার ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে, যা মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের শঙ্কা তৈরি করেছে।