প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ এএম। ইরানের ওপর আবারও কঠোর হামলা চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, তারা ইরানের ওপর কঠোর হামলা চালাতে যাচ্ছেন এবং এই পালটা হামলার জবাব দেওয়া হবে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানকে নিয়ে কঠোর সমালোচনা করে একটি পোস্ট দিয়েছেন ট্রাম্প। সেখানে তিনি ইরানকে ‘মৃত’ ও ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে অভিহিত করে দাবি করেছেন, দেশটিতে এখন আর কোনো সশস্ত্র বাহিনী অবশিষ্ট নেই। ট্রাম্পের দাবি অনুযায়ী, ইরানের কোনো নৌবাহিনী, বিমানবাহিনী বা নিজস্ব মুদ্রাও নেই। এছাড়া মুদ্রাস্ফীতি ৩০০ শতাংশে পৌঁছানোর পাশাপাশি দেশটির নেতারা সেনা ও পুলিশ সদস্যদের বেতন দিতে পারছেন না বলেও তিনি মন্তব্য করেছেন।
ট্রাম্প আরও দাবি করেছেন যে, ইরান সরকার এখন পর্যন্ত এক লাখ বিক্ষোভকারীকে হত্যা করেছে এবং কেবল বিক্ষোভ দমন করেই তারা টিকে থাকার চেষ্টা করছে। ইরানের নেতারা বিশৃঙ্খল অবস্থায় রয়েছেন এবং তারা দেশের প্রতিনিধিত্ব করার সক্ষমতা হারিয়েছেন বলে তিনি উল্লেখ করেছেন।
গত জুলাইয়ের পর গত রোববার রাতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবারও হামলা ও পালটা হামলার ঘটনা ঘটে। যদিও এর আগে বেশ কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্র দাবি করে আসছিল যে, তারা অস্ত্রের যুদ্ধের পরিবর্তে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ চালিয়ে যাবে। তবে নতুন এই হামলা প্রমাণ করেছে যে, কোনো স্থায়ী যুদ্ধবিরতি না থাকলে যে কোনো সময় লড়াই নতুন করে শুরু হতে পারে।

