ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে নতুন একটি নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন। ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট ২০২৬’ নামের এই আইনের ফলে রাশিয়ার তেল ও গ্যাস আমদানি অব্যাহত রাখা দেশগুলোর পণ্যের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পেল মার্কিন প্রশাসন। এই বিধানের আওতায় ভারত ও চীনের মতো দেশগুলোর ওপরও বড় ধরনের শুল্ক আরোপের সুযোগ তৈরি হয়েছে।

নতুন এই আইনটি মূলত রাশিয়ার সরকারি কর্মকর্তা, ব্যাংক, জ্বালানি খাত এবং মস্কোর সঙ্গে ব্যবসা করা বিদেশি প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে প্রণয়ন করা হয়েছে। আইনটিতে রুশ পণ্যের ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ এবং রুশ জ্বালানি কেনা দেশগুলোর পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সংস্থান রাখা হয়েছে। তবে ভারত বা অন্য কোনো দেশের ওপর এখনই এই শুল্ক কার্যকর হচ্ছে না; বরং আইনটি প্রেসিডেন্ট ট্রাম্পকে এই ক্ষমতা দিয়েছে, যা তিনি প্রয়োগ করলে তবেই তা কার্যকর হবে।

মার্কিন কংগ্রেসে আইনটি পাস হওয়ার সময় কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা এই বিশাল শুল্ক আরোপের ক্ষমতা নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন। তাদের আশঙ্কা, এর ফলে শেষ পর্যন্ত মার্কিন ভোক্তাদের জন্য নিত্যপণ্যের দাম বেড়ে যেতে পারে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত বৈচিত্র্যময় উৎস থেকে তেল আমদানি অব্যাহত রাখবে। একই সঙ্গে নিজেদের বাণিজ্য ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের কথাও জানিয়েছে দিল্লি। উল্লেখ্য, এর আগে রাশিয়ার কাছ থেকে তেল কেনাকে কেন্দ্র করে ভারতীয় পণ্যে অতিরিক্ত মার্কিন শুল্ক আরোপ করা হয়েছিল, যা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রত্যাহার করে পারস্পরিক শুল্ক ১৮ শতাংশে নামিয়ে আনা হয়েছিল।

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ৫০আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ৫৮