মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ জ্বালানি আমদানির ওপর নতুন নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের আইনে সই করার তিন সপ্তাহ পার না হতেই নিজের অবস্থান থেকে সম্পূর্ণ সরে এসেছেন। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডিজেল আমদানির একটি চুক্তির ঘোষণা দিয়েছেন। ট্রাম্প জানিয়েছেন, পুতিন যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে কয়েক লাখ টন ডিজেল সরবরাহ করতে সম্মত হয়েছেন।
মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে জ্বালানির আকাশচুম্বী দাম মার্কিন অর্থনীতির ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে। সাধারণ মানুষকে পাম্পে জ্বালানি কিনতে গুনতে হচ্ছে বাড়তি অর্থ, যা মূল্যস্ফীতি বাড়িয়ে দিয়েছে এবং জনমত জরিপে ট্রাম্পের প্রতি সমর্থন কমিয়ে দিয়েছে। বিশেষ করে আইওয়া, কানসাস, টেক্সাস ও ওহাইওর মতো কৃষিনির্ভর অঙ্গরাজ্যগুলো ডিজেলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এসব এলাকায় যুদ্ধের অর্থনৈতিক প্রভাব তীব্রভাবে অনুভূত হচ্ছে, যা আসন্ন নির্বাচনে রিপাবলিকানদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এই চাপ সামাল দিতে ট্রাম্প এর আগে তেলের মজুত থেকে বাজারে তেল ছাড়ার জন্য মিত্র দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করেছেন, কেন্দ্রীয় কর স্থগিত করেছেন এবং কৃষিকাজে ব্যবহারের ডিজেল পণ্য পরিবহনে ব্যবহারের অনুমতি দিয়েছেন। এছাড়া নির্বাচনে প্রভাব এড়াতে ইরানে আর কোনো হামলা না চালানোর প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। পুতিনের সঙ্গে এই ডিজেল চুক্তিকে তার রাজনৈতিক চাপ সামলানোর সর্বশেষ ও সবচেয়ে নাটকীয় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
তবে ট্রাম্পের এই সিদ্ধান্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। রাশিয়া কীভাবে এই জ্বালানি সরবরাহ করবে বা বিনিময়ে কী পাবে, তা স্পষ্ট নয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই চুক্তিকে পুতিনের জন্য একটি 'উপহার' হিসেবে আখ্যায়িত করেছেন। সমালোচকদের মতে, এই চুক্তির মাধ্যমে ট্রাম্পের প্রশাসন পরোক্ষভাবে রাশিয়ার যুদ্ধযন্ত্রকে অর্থ জোগাতে সহায়তা করছে।
যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রায় ৩৬ লাখ ব্যারেল ডিজেল ব্যবহৃত হয়। রাশিয়া চলতি মাসে ৩ লাখ টন ডিজেল সরবরাহের প্রতিশ্রুতি দিলেও তা যুক্তরাষ্ট্রের দৈনিক চাহিদার অর্ধেকের সমান। ইউক্রেনের হামলায় রাশিয়ার ডিজেল শোধনাগারগুলোর সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও ট্রাম্প জেলেনস্কিকে এসব হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। তবে বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে এই জ্বালানি বাজারে পৌঁছানো এবং সাধারণ মানুষের জ্বালানি খরচ কমার সম্ভাবনা বেশ ক্ষীণ।

