উপসাগরীয় মিত্রদের অনুরোধে ইরানে বড় হামলা স্থগিত রাখা হয়েছে: ট্রাম্প

সৌদি আরব ও কাতারসহ উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোর বিশেষ অনুরোধে আপাতত ইরানের ওপর বড় ধরনের সামরিক হামলা স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে দাবি করেছেন, চাইলে মাত্র তিন দিনের মধ্যেই ইরানের জ্বালানি অবকাঠামো, সেতু এবং উৎপাদনশিল্প পুরোপুরি ধ্বংস করে দেওয়া সম্ভব।

হোয়াইট হাউসে সাংবাদিক স্টিফেন এ স্মিথকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প এসব কথা জানান। তিনি বলেন, ইচ্ছা করলেই তিনি এখনই চলমান যুদ্ধের সমাপ্তি টানতে পারেন। তবে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক মিত্রদের আহ্বানে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানে এখনই বড় আক্রমণ না চালিয়ে অর্থনৈতিক ও সামরিক চাপ বজায় রাখা হচ্ছে।

আঞ্চলিক মিত্রদের অবস্থান ব্যাখ্যা করে ট্রাম্প বলেন, ‘সৌদি আরব আমাকে অনুরোধ করে বলেছে, দয়া করে আপাতত পরিস্থিতি যেভাবে আছে, সেভাবেই থাকতে দিন।’ এ ছাড়া কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনও বর্তমানের এই চাপ বজায় রাখার কৌশল অব্যাহত রাখার পক্ষে মতামত দিয়েছে। তবে মিত্র দেশগুলোর এই কৌশলের সঙ্গে তিনি পুরোপুরি একমত কি না, তা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি নিশ্চিত নই যে আমি এর সঙ্গে একমত।’

সাক্ষাৎকারে সাংবাদিক স্মিথ জানতে চান, উপসাগরীয় দেশগুলোর পক্ষ থেকে এমন অনুরোধ না আসলে তিনি ইরানে আরো হামলা চালাতেন কি না। জবাবে ট্রাম্প সরাসরি বলেন, ‘হ্যাঁ, আমি হামলা চালাতাম।’ তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরানের সেতু ও জ্বালানি অবকাঠামোতে বড় কোনো ধ্বংসাত্মক আঘাত করা থেকে বিরত রয়েছে। তবে এসব স্থাপনা গুঁড়িয়ে দিতে যুক্তরাষ্ট্রের বেশি সময়ের প্রয়োজন হবে না।

নিজের সামরিক সক্ষমতার ধারাবাহিক বর্ণনা দিয়ে ট্রাম্প আরও বলেন, ‘এক দিনেই তাদের জ্বালানি অবকাঠামো শেষ হয়ে যাবে। এক দিনেই তাদের সেতুগুলো ধ্বংস হয়ে যাবে। আর এক দিনেই তাদের উৎপাদন সক্ষমতা শেষ হয়ে যাবে। আমার মাত্র তিন দিন লাগবে।’

এদিকে ইরানের সঙ্গে যুদ্ধের জেরে অভ্যন্তরীণ বাজারে পেট্রলের দাম বৃদ্ধি পাওয়ায় মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ে এর প্রভাব পড়েছিল বলে স্বীকার করেন ডোনাল্ড ট্রাম্প। তবে রাজনীতি ও অর্থনৈতিক প্রভাব সত্ত্বেও ইরানে আক্রমণ চালানোর সিদ্ধান্তের বিষয়ে নিজের আগের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি।