ইরানি নেতাদের হত্যা বন্ধের পক্ষে ট্রাম্প, জানালেন কারণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের নেতাদের হত্যা করার প্রক্রিয়া বন্ধ করতে হবে। জর্জিয়া অঙ্গরাজ্যে আয়োজিত এক নির্বাচনি সমাবেশে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্পের ভাষ্যমতে, ভবিষ্যতে আলোচনার টেবিলে কাদের সঙ্গে কথা বলা হচ্ছে, তা সঠিকভাবে শনাক্ত করার জন্য ইরানি নেতাদের বেঁচে থাকা প্রয়োজন।

ইরানের সামরিক সক্ষমতা ও নেতৃত্বের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা তুলে ধরে ট্রাম্প দাবি করেন, দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, বর্তমানে ইরানের শীর্ষ পর্যায়ের কোনো নেতা নেই, এমনকি দ্বিতীয় সারির নেতারাও শেষ হয়ে গেছেন। তার ভাষায়, তাদের কোনো বিমান বা জাহাজ অবশিষ্ট নেই, কিছুই নেই।

ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের প্রচেষ্টার বিরোধিতা পুনর্ব্যক্ত করে ট্রাম্প ২০১৫ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে সম্পাদিত পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তের পক্ষে সাফাই দেন। তিনি দাবি করেন, ওবামা আমলের ওই চুক্তিটি ছিল সবচেয়ে খারাপ চুক্তিগুলোর একটি, যা ইরানকে পারমাণবিক অস্ত্রের দিকে ঠেলে দিচ্ছিল। তার দাবি, জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) বা ইরান পারমাণবিক চুক্তি বাতিলের মাধ্যমে তিনি সঠিক সময়েই পদক্ষেপ নিয়েছিলেন।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প দাবি করেন, 'অপারেশন মিডনাইট হ্যামার' এবং 'অপারেশন এপিক ফিউরি'র মাধ্যমে দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। তিনি ২০২৫ সালে এবং চলতি বছর পরিচালিত সামরিক অভিযানের প্রসঙ্গ উল্লেখ করেন। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে সামরিকভাবে, আর্থিকভাবে এবং অন্যান্য দিক থেকেও পরাজিত করেছে।

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ১৫: ৫৮আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১৫: ৫৯