ফ্রান্স দখলের চেষ্টা করছে মুসলমানরা: ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সে চলমান শিক্ষার্থী বিক্ষোভকে গণঅভিবাসনের একটি প্রতিফলন হিসেবে বর্ণনা করেছেন। তিনি মন্তব্য করেছেন যে, মুসলমানরা ফ্রান্স দখল করে নেওয়ার চেষ্টা করছে।

মঙ্গলবার ফ্রান্সজুড়ে আয়োজিত বিক্ষোভে প্রায় দুই লাখ ৬৬ হাজার মানুষ অংশ নেন। এর মধ্যে শুধু প্যারিসেই উপস্থিত ছিলেন প্রায় ৫৬ হাজার বিক্ষোভকারী। শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে স্কুল অবরোধ ও ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন।

প্যারিসে বিক্ষোভের একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটলে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত প্রায় ৫০০ জনকে আটক করা হয়েছে। বিক্ষোভ শুরুর পর থেকে এখন পর্যন্ত ছয় হাজার ৫০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের অধিকাংশই অপ্রাপ্তবয়স্ক।

কিশোরদের বিরুদ্ধে কাঁদানে গ্যাস, লাঠি ও অন্যান্য দাঙ্গা নিয়ন্ত্রণ সরঞ্জাম ব্যবহারের ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সোমবার পুলিশের স্টান গ্রেনেডের আঘাতে ১৫ বছর বয়সী এক কিশোরের হাত বিচ্ছিন্ন হওয়ার ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

সরকারি ভাষ্য অনুযায়ী, পুলিশের প্রতিক্রিয়া পরিস্থিতি অনুযায়ী যথাযথ ছিল এবং কেবল বিক্ষোভ সহিংস রূপ নিলেই পুলিশ হস্তক্ষেপ করেছে। প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু শিক্ষার্থীদের দাবি শুনে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং স্কুলের আশপাশে ঘটা সহিংসতার নিন্দা জানিয়েছেন।