ট্রাম্পকে হত্যার জন্য ১২৩ কোটি টাকা পুরস্কার ঘোষণা ইরাকি গোষ্ঠীর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য ১ কোটি ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৩ কোটি ১২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে ইরাকের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই)। বৃহস্পতিবার (১৬ জুলাই) সংগঠনটি এক বিবৃতিতে এই ঘোষণা দেয়। বিবৃতিতে বলা হয়, ট্রাম্পকে হত্যা করতে সক্ষম যে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে এই অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে। সংগঠনটির দাবি, তাদের সদস্য ও সমর্থকদের অনুদানের অর্থ থেকেই এই পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।

বিবৃতিতে ট্রাম্পকে ‘অপরাধী’ হিসেবে আখ্যায়িত করে আইআরআই জানায়, শিশু ও বিজ্ঞানীদের হত্যাকারী হিসেবে তারা যাদের দায়ী মনে করে, তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে। সংগঠনটির দাবি, ‘অত্যাচারীরা কখনো শান্তি পাবে না।’ এছাড়া যোদ্ধাদের জন্য প্রতিশোধ নেওয়াকে তারা একটি ‘বাধ্যতামূলক অঙ্গীকার’ হিসেবে উল্লেখ করে শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়ার আহ্বান জানায়।

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ওয়াশিংটনের হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। ওই বৈঠকে তিনি ২০২০ সালে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিস হত্যাকাণ্ডে নিজের ভূমিকার কথা উল্লেখ করেন। ট্রাম্পের এই মন্তব্যে তীব্র ক্ষুব্ধ হয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। ধারণা করা হচ্ছে, ওই বক্তব্যের পরপরই সংগঠনটি ট্রাম্পের বিরুদ্ধে এই পুরস্কার ঘোষণার সিদ্ধান্ত নেয়।