জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তাঁর সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকবেন স্ত্রী ড. জুবাইদা রহমান। আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এই সফর অনুষ্ঠিত হবে।
স্থানীয় সময় মঙ্গলবার (২০ অক্টোবর) জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন এই জাপান সফরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবেন এবং মধ্যাহ্নভোজে অংশ নেবেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, স্বাধীনতা, গণতন্ত্র ও আইনের শাসনের মতো অভিন্ন মূল্যবোধ ও নীতির ওপর ভিত্তি করে গড়ে ওঠা বাংলাদেশ ও জাপানের কৌশলগত অংশীদারত্ব এই সফরের মাধ্যমে আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে, সংশোধিত ‘মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক’ (এফওআইপি) উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরকে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

