তারেক রহমানের ভারত সফরের প্রস্তুতি: দিল্লির কাছে ঢাকার বিশেষ প্রত্যাশা

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি মাসের তৃতীয় সপ্তাহে দিল্লি সফরে যেতে পারেন বলে ঢাকায় সংশ্লিষ্ট একাধিক সরকারি সূত্র জানিয়েছে। এটিকে দ্বিপাক্ষিক সফর হিসেবে অভিহিত করা হচ্ছে, যার সম্ভাব্য তারিখ ২১ থেকে ২২শে আগস্ট নির্ধারণ করা হয়েছে। তবে এই তারিখ দুয়েক দিন এগোতে বা পেছাতে পারে বলেও সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।

কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ভারতের পক্ষ থেকেই এই সফরের প্রস্তাব দেওয়া হয়েছে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই সফরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে বাংলাদেশের পক্ষ থেকে কিছু সুনির্দিষ্ট প্রত্যাশা রয়েছে।

এর মধ্যে অন্যতম প্রধান শর্ত হলো, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ভারতের আশ্রয়ে থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যেসব রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন বা বক্তব্য দিচ্ছেন, সেগুলো যেন তিনি আর করতে না পারেন। কর্মকর্তাদের দাবি, শেখ হাসিনার এসব রাজনৈতিক বক্তব্য বাংলাদেশের অভ্যন্তরে বিতর্কের সৃষ্টি করছে এবং এর উদ্দেশ্য হলো দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অস্থিতিশীল করে তোলা। তাই বাংলাদেশ সরকার শেখ হাসিনার এ ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায়। তারা জানিয়েছেন, ভারত এ বিষয়ে এক ধরনের নিশ্চয়তা দিয়েছে, তবে বাংলাদেশ পুরোপুরি নিশ্চয়তা পাওয়ার অপেক্ষায় রয়েছে। এই নিশ্চয়তা পাওয়া গেলেই সফরটি নিশ্চিতভাবে অনুষ্ঠিত হবে।

ভারতের একটি গণমাধ্যমও জানিয়েছে যে আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে দুই দিনের সফরে ভারত যেতে পারেন তারেক রহমান। এছাড়া, ভারতের পক্ষ থেকে আরও একটি আমন্ত্রণ রয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্রিকসের সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে সেই সফরে তারেক রহমান যোগ দেবেন কি না, সেই সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ২৩: ৪৩আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ২৩: ৪৬