কলকাতার দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতায় একটি দুর্গাপূজার মণ্ডপে ভয়াবহ পদদলনের ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। শনিবার সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীন পূজামণ্ডপে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরও শতাধিক দর্শনার্থী আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

কলকাতা পুলিশের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়, শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে বৃষ্টির মধ্যে পূজামণ্ডপে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় জমেছিল। এ সময় গিরিশ পার্ক থানার অধীন সারদা পার্কের (চোরবাগান) পূজামণ্ডপের বহির্গমন ফটকে এই পদদলনের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, দমকল বাহিনী, দুর্যোগ মোকাবিলা দল, চিকিৎসক দল এবং অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে পূজামণ্ডপটি আপাতত দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, পদদলিত হওয়ার পর অন্তত ৩৫ জনকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে (এমসিএইচ) নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, মণ্ডপের প্রবেশপথ ও বের হওয়ার ফটক অত্যন্ত সরু হওয়ায় ভিড়ের চাপে এই বিপত্তি ঘটে। অনেকে পদদলিত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন এবং তাদের অনেককে মোটরসাইকেলে করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার পর পরিস্থিতি পর্যালোচনা করতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও মুখ্য সচিব মনোজ আগরওয়াল হাসপাতালে ছুটে গেছেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, 'চোরবাগান পূজামণ্ডপে পদদলনের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত ও দুঃখিত। আমি মা দুর্গার কাছে প্রার্থনা করি, তিনি যেন আহত সবাইকে দ্রুত সুস্থ করে তোলেন এবং এই কঠিন সময়ে তাদের পরিবারকে শক্তি ও সাহস দেন।'

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ২৩: ৩২আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ২৩: ৪৯