বাংলাদেশি শরণার্থীদের অনুপ্রবেশকারী বলা যাবে না: শুভেন্দু অধিকারী

নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ-র বিধানের আলোকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করেছেন যে, বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ কোনোভাবেই অনুপ্রবেশকারী নন। তিনি তাদের প্রত্যেকেই শরণার্থী হিসেবে অভিহিত করেছেন।

রাজ্যে ডিজিটাল জনগণনা প্রক্রিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অনুপ্রবেশকারী এবং শরণার্থীদের মধ্যে এই মৌলিক পার্থক্যটি তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, কেন্দ্রীয় সরকারের সুনির্দিষ্ট নিয়ম ও নির্দেশিকা অনুযায়ী, ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে বা জীবন বাঁচাতে যেসব মানুষ ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভারতে আশ্রয় নিয়েছেন, তাদের বিরুদ্ধে কোনো আইনি মামলা দায়ের করা যাবে না। এছাড়া পুলিশও তাদের কোনো প্রকার হয়রানি করতে পারবে না বলে তিনি জানান।

তবে এর বিপরীতে দেশের অভ্যন্তরে থাকা অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থান ব্যক্ত করেছেন তিনি। শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, নির্দিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমে যথাযথ সতর্কতার সঙ্গে তাদের শনাক্ত করে নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং এই প্রক্রিয়া ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও জোর দিয়ে বলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের ভরণপোষণ বা দায়িত্ব নেওয়া ভারতের কোনো নৈতিক বা সাংবিধানিক দায়িত্ব নয়।