সিজেপির কর্মসূচি ঘিরে দিল্লিতে ৩২ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা ‘জাতীয় পতাকা ওড়াও’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুক্রবার পূর্বঘোষিত এই কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৩২ হাজারের বেশি সদস্যকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, কনট প্লেস ও মধ্য দিল্লিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লি পুলিশের ছয় হাজারের বেশি সদস্য মোতায়েন করা হচ্ছে।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপি বেশ কিছুদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে। এই প্রেক্ষাপটে গত এক সপ্তাহ ধরে রাজধানীজুড়ে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) প্রায় ২৬ হাজার সদস্য মোতায়েন রয়েছেন। স্থানীয় পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে আজ সেন্ট্রাল দিল্লিতে মোট নিরাপত্তাকর্মীর সংখ্যা ৩২ হাজারে পৌঁছাবে। গত ১০ অক্টোবরের বিক্ষোভের সময় কনট প্লেস, রাজীব চক, সেন্ট্রাল পার্ক, যন্তর মন্তর ও আশপাশের মেট্রো স্টেশনসহ পুরো নয়াদিল্লি জেলাজুড়ে প্রায় পাঁচ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল।

সিজেপির দুই জ্যেষ্ঠ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা গত মঙ্গলবার যন্তর মন্তরের তালাবদ্ধ ফটক টপকে ভেতরে প্রবেশ করে জাতীয় পতাকা ওড়ালে তাঁদের আটক করা হয়। পরে পুলিশ তাঁদের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আটক করে এবং বুধবার বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার পর পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। এই ঘটনার পর দলের আহ্বায়ক অভিজিৎ দিপক নতুন করে আজ শুক্রবার বিকেল পাঁচটায় জাতীয় পতাকা ওড়ানোর কর্মসূচি ঘোষণা করেন।

অভিজিৎ দিপক বুধবার শঙ্কা প্রকাশ করেছিলেন যে শুক্রবারের কর্মসূচিতে অংশ নিতে গেলে তাঁকেও গ্রেপ্তার করা হতে পারে। আজকের এই সমাবেশে বিভিন্ন ছাত্রসংগঠন, আন্দোলনকর্মী ও আম আদমি পার্টির (আপ) সদস্যরা যোগ দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে দিল্লি পুলিশের উপকমিশনার ও জনসংযোগ কর্মকর্তা নেহা যাদব জানিয়েছেন, বড় কোনো মিছিলের অনুমতি দেওয়া হয়নি এবং কনট প্লেসসহ আশপাশের এলাকায় যেকোনো ধরনের জমায়েত ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সরকারি কর্মকর্তাদের ভাষ্যমতে, কেবল বাছাই করা কয়েকজনকে নির্দিষ্ট কোনো স্থানে মিছিল করার অনুমতি দেওয়া হতে পারে।