প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ এএম (08-09-2026, 08:52 AM)
ইয়েমেনের আল-জাওফ প্রদেশের একটি কারাগারে সৌদি আরব হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি জানিয়েছেন, সোমবার ‘সেন্ট্রাল কারেকটিভ প্রাসাদ’ নামের ওই কারাগারে এই হামলা চালানো হয়। এতে এক নারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন।
হামলার পর ধ্বংসস্তূপের চিত্র তুলে ধরেছে হুথি নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল মাসিরাহ। তাদের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি ভবন ধসে পড়েছে এবং স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তূপের মধ্য থেকে লোকজনকে উদ্ধারে কাজ করছেন। তবে এই হামলার অভিযোগের বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে, ইয়েমেনের হাদরামাউত প্রদেশের একটি সীমান্ত ক্রসিংয়ে সৌদি আরবের সামরিক সরঞ্জাম বহনকারী সরবরাহ ট্রাকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি করেছে হুথি বাহিনী। আল মাসিরাহ টিভি এই সংক্রান্ত কিছু ভিডিও ফুটেজও প্রকাশ করেছে। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি অভিযোগ করেছেন, আল-জাওফে সৌদি আরব ‘গণহত্যা’ চালাচ্ছে, নজরদারি ড্রোন ওড়াচ্ছে এবং তাদের ভাড়াটে যোদ্ধাদের কাছে অস্ত্র সরবরাহ করছে।
ইয়াহিয়া সারি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইয়েমেনে হামলার জন্য সৌদি আরবকে কঠিন শাস্তি পেতে হবে এবং এর পরিণতি তাদেরই বহন করতে হবে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সৌদি আরবের চারটি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে হুথিরা। এর মধ্যে আল-জাওফে ‘শত্রুতামূলক অভিযান’ চালানো একটি সিএইচ-৪ (CH-4) ড্রোনও রয়েছে। তাদের দাবি অনুযায়ী, এটি গত ১২ ঘণ্টায় ভূপাতিত করা দ্বিতীয় এবং গত ২৪ ঘণ্টায় চতুর্থ ড্রোন। তবে ড্রোন ভূপাতিত করার এই দাবির বিষয়েও রিয়াদের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

