ইয়েমেনে সৌদি আরব সমর্থিত সরকারি বাহিনী ও ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুতিদের মধ্যে লড়াই অব্যাহত রয়েছে। দুই পক্ষে হতাহতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এই তীব্র লড়াইয়ের মুখে প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়েছেন লাখো মানুষ। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর পর অন্তত ১ লাখ ১২ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে ইয়েমেনের বিভিন্ন স্থানে সরে গেছেন। এছাড়া প্রায় ৩ হাজার ইয়েমেনি এডেন উপসাগর পেরিয়ে আফ্রিকার দেশ জিবুতিতে আশ্রয় নিয়েছেন।
ইয়েমেনে বর্তমানে দুই পক্ষের শাসন চলছে। জুলাই মাস থেকে হুতি ও সৌদি আরবের মধ্যে নতুন করে দ্বন্দ্ব শুরু হয়। লোহিত সাগরে সৌদি জাহাজ চলাচলে হুতিদের নিষেধাজ্ঞার ফলে বাব আল–মানদেব প্রণালি দিয়ে গুরুত্বপূর্ণ নৌপথটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সম্প্রতি হুতিরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মোখা বন্দর, মাইয়ুন দ্বীপ এবং হানিশ দ্বীপ দখলে নিয়ে ওই অঞ্চলে কর্তৃত্ব সংহত করেছে। এর পর থেকেই সরকারি বাহিনীর সঙ্গে তাদের পাল্টাপাল্টি হামলা তীব্র হয়েছে। সৌদি আরবও হুতিদের অবস্থান লক্ষ্য করে নিয়মিত বিমান হামলা চালাচ্ছে।
গতকাল শুক্রবার ইয়েমেনে ব্যাপক লড়াইয়ের খবর পাওয়া গেছে। সরকারি বাহিনী জানিয়েছে, তাইজ প্রদেশের আল-ওয়াজিয়াহ জেলায় হুতিদের সঙ্গে তাদের সবচেয়ে বড় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩০ জন হুতি যোদ্ধা নিহত এবং ৬০ জন আহত হয়েছেন। এছাড়া প্রদেশের আল-ধিকরা, আল-দামনা ও আল-রাহিদা এলাকায় বিমান হামলা চালানো হয়েছে। এর আগের দিন বৃহস্পতিবারের লড়াইয়ে সৌদি যুদ্ধবিমানের হামলায় অন্তত ৪০ জন হুতি যোদ্ধা নিহত এবং হুতিদের পাল্টা হামলায় ২৩ জন সরকারি সেনা নিহত হয়েছিলেন।
হুতি নেতা আবদুল মালিক আল–হুতি এই সংঘাতের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন। তিনি দাবি করেন, সানা বিমানবন্দরে সৌদি হামলার পর তাঁরা আত্মরক্ষামূলক অবস্থানে যেতে বাধ্য হয়েছেন। এদিকে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক অনানুষ্ঠানিক বৈঠকে পশ্চিম এশিয়াবিষয়ক অর্থনীতি ও সামাজিক কমিশনের নির্বাহী সচিব রনিয়া আল–মাশাত জানান, এই যুদ্ধের কারণে আরব দেশগুলোর অর্থনীতিতে প্রায় ১৫ হাজার কোটি ডলারের ক্ষতি হয়েছে, যা তাদের মোট জিডিপির প্রায় ৪ শতাংশ।
পরিস্থিতি মোকাবিলায় সৌদি আরব যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর সৌদির কাছে প্রায় আড়াই হাজার কোটি ডলারের ৪৮টি অত্যাধুনিক এফ–৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিতে আইনপ্রণেতাদের কাছে প্রস্তাব পাঠিয়েছে। বুধবার হুতিরা সৌদি আরবের একটি এফ–১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবির পর এই ঘোষণা এল। যদিও যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে হস্তক্ষেপ না করার অবস্থানে অটল। এছাড়া পাকিস্তান কূটনৈতিক ও সামরিকভাবে রিয়াদের পাশে থাকার বার্তা দিলেও মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। অন্যদিকে, চীন হুতিদের নিয়ন্ত্রণে রাখতে ইরানকে ব্যক্তিগতভাবে আহ্বান জানালেও তেহরান ও বেইজিংয়ের বাণিজ্যিক সম্পর্কের কারণে এর কার্যকারিতা নিয়ে বিশ্লেষকরা সন্দেহ প্রকাশ করছেন।

