মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটার প্রেক্ষাপটে সৌদি আরবের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রায় ১৯৬ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই গুরুত্বপূর্ণ সামরিক চুক্তিটি এমন এক সময়ে সম্পন্ন হতে যাচ্ছে যখন ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সাথে সৌদি আরবের নতুন করে সংঘাত শুরুর আশঙ্কা তৈরি হয়েছে। একই সাথে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনাও বর্তমানে তুঙ্গে রয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রস্তাবিত অস্ত্র বিক্রির সিদ্ধান্তটি উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। এছাড়া ন্যাটোর বাইরের প্রধান মিত্র (মেজর নন-ন্যাটো অ্যালাই) হিসেবে সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিজস্ব জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতির উদ্দেশ্যগুলো পূরণেও এটি সহায়ক হবে।
এই সামরিক প্যাকেজের আওতায় সৌদি আরব মূলত ২০ হাজার পর্যন্ত ‘অ্যাডভান্সড প্রিসিশন কিল ওয়েপন সিস্টেমস’ এবং এর সাথে সম্পর্কিত যুদ্ধাস্ত্র সংগ্রহ করবে। এর মধ্যে ১০ হাজার আকাশ থেকে আকাশে এবং ১০ হাজার আকাশ থেকে মাটিতে আঘাত হানার গাইডেড সিস্টেম ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত রয়েছে। মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, এই প্রযুক্তি অত্যন্ত কম খরচে এবং চারপাশের ক্ষয়ক্ষতি সীমিত রেখে নিখুঁতভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম।
প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান বিএই সিস্টেমস এই অস্ত্র চুক্তির মূল ঠিকাদার হিসেবে কাজ করবে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, এই অস্ত্র বিক্রির ফলে যুক্তরাষ্ট্রের নিজস্ব সামরিক প্রস্তুতির ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।

