বিশ্বব্যাপী বড় ধরনের বিনিয়োগ, পর্যটন ও বৈশ্বিক ক্রীড়া ইভেন্টের মূল আকর্ষণে রূপ নেওয়ার যে স্বপ্ন নিয়ে এগোচ্ছিলেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তা এখন বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। দক্ষিণ সীমান্ত পার হয়ে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরাসরি সৌদি শহরগুলোতে আঘাত হানায় দেশটি নতুন করে রক্তক্ষয়ী সংঘাতের গভীরে তলিয়ে যাচ্ছে। দীর্ঘ ১১ বছর ধরে সামরিক শক্তি ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সীমান্ত সংঘাত নিয়ন্ত্রণের চেষ্টা করার পরও কৌশলগত ভুল হিসাবের কারণে রিয়াদ নিজেদের নিরাপত্তা হুমকিতে ফেলেছে।
চলতি গ্রীষ্মে গৃহযুদ্ধ নতুন করে মাথাচাড়া দেওয়ার পর গত মাসে ইয়েমেন পরিস্থিতি অত্যন্ত তীব্র রূপ নেয়। রিয়াদ আগে হুতিদের বিরুদ্ধে লড়াই করলেও পরবর্তীতে তাদের সঙ্গে আলোচনা চালিয়েছিল এবং হুতিদের মূল পৃষ্ঠপোষক ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কও জোরদার করেছিল। তবে সম্প্রতি পরিস্থিতির পরিবর্তন ঘটলে হুতিদের মোকাবিলায় রিয়াদ ‘ইয়েমেন্স ডন’ বা ‘ইয়েমেনের ভোর’ নামে নতুন একটি সামরিক অভিযান শুরু করে স্থানীয় সংঘাতমুখী অংশীদারদের সমর্থন দেওয়ার নীতি গ্রহণ করে।
বিশেষজ্ঞদের মতে, সৌদি আরবের প্রথম বড় ভুল হিসাবটি ছিল দীর্ঘদিনের মিত্র সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে জোট ভেঙে ফেলা। গত বছরের শেষ দিকে ইয়েমেনে ইউএইর পাঠানো সামরিক যানের ওপর সৌদি বিমান বাহিনী হামলা চালালে দুই দেশের সম্পর্কে ফাটল ধরে। এর পরপরই আবুধাবি সেনা প্রত্যাহার করে নিলে সৌদি বাহিনী একা হয়ে পড়ে। ইয়েমেনের নিরাপত্তা পরিস্থিতি তদারকিতে আমিরাতি সেনা কমান্ডের অত্যন্ত দক্ষ ব্যবস্থা থাকলেও সৌদিরা সেই শূন্যতা পূরণ করতে ব্যর্থ হয়। সেনা প্রত্যাহারের পর রিয়াদ ও ইউএইর মধ্যে তীব্র সংবাদমাধ্যম যুদ্ধ শুরু হয়, যেখানে সৌদির বিশ্লেষকেরা আমিরাতকে বিদ্রোহী ছোট ভাই হিসেবে তুলে ধরেন।
দ্বিতীয় বড় ভুল ছিল যুক্তরাষ্ট্রের ক্রমাগত সহায়তার ওপর অতিমাত্রায় আস্থা রাখা। গত বছর ওয়াশিংটনের সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তি সম্পাদন এবং ‘মেজর নন-ন্যাটো অ্যালাই’ মর্যাদা পাওয়া সত্ত্বেও ওয়াশিংটন থেকে কাঙ্ক্ষিত সহায়তা মেলেনি। সৌদি যুবরাজ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলে হুতিদের ওপর হামলার অনুরোধ জানালেও ট্রাম্প তাতে সরাসরি অস্বীকৃতি জানান। উল্টো ওয়াশিংটন ওমানে হুতিদের সঙ্গে নিজস্ব যুদ্ধবিরতি বজায় রাখতে বৈঠক করে, যা লোহিত সাগরে মার্কিন জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করলেও সৌদিকে অরক্ষিত করে দেয়। সৌদি আরবে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মাইকেল র্যাটনি মন্তব্য করেন, মার্কিন সামরিক অংশীদারত্বের ওপর নির্ভর করে গড়ে ওঠা সৌদি বাহিনী এককভাবে লড়াইয়ের কৌশলে প্রস্তুত ছিল না।
যুদ্ধের বড় ধরনের ক্ষেত্র তৈরি হয় গত জুলাই মাসে। ইয়েমেনে সৌদির বিমান অবরোধ অমান্য করে তেহরানে ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় হুতি প্রতিনিধিদলকে নিতে ইরান একটি বাণিজ্যিক বিমান পাঠায়। সেটি সানায় অবতরণে বাধা দিতে সৌদি আরব বিমান হামলা চালালে হুতিরা যুদ্ধবিরতি বাতিল করে সৌদি জাহাজের ওপর নৌ অবরোধ আরোপ করে। একই সঙ্গে তারা বাব আল-মানদেব প্রণালিসহ কৌশলগত উপকূলীয় অঞ্চল দখল করে লোহিত সাগরজুড়ে ঝটিকা অভিযান শুরু করে, যা ২০২২ সালের পর সবচেয়ে বড় সংঘাতের সৃষ্টি করে।
হুতি বাহিনীর এই আকস্মিক পদক্ষেপে সৌদির তেল অবকাঠামো ও পাইপলাইনে আঘাত হানায় অপরিশোধিত তেল সরবরাহ ব্যাহত হয় এবং বৈশ্বিক তেলের বাজার উর্ধ্বমুখী হয়ে ওঠে। জবাবে রিয়াদ হুতিদের লক্ষ্য করে শত শত বিমান হামলা চালায়। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ বিশ্লেষক আহমেদ নাগি জানান, হুতিদের আচমকা হামলার জন্য সৌদি আরব একেবারেই প্রস্তুত ছিল না এবং মিত্র ইয়েমেনি সরকারি বাহিনীর সঙ্গেও তাদের কোনো কার্যকর সমন্বয় ছিল না। ফলে একের পর এক অঞ্চল হাতছাড়া হওয়ায় মিত্রদের মনোবল ভেঙে পড়ে।
চলতি সপ্তাহে রিয়াদ বিমানবন্দরের মতো স্পর্শকাতর স্থানে হুতিদের হামলায় একজন সৌদি পাইলটসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। আঞ্চলিক এই উত্তপ্ত পরিস্থিতির কারণে দেশে অনুষ্ঠিত হতে যাওয়া তারকাবহুল চলচ্চিত্র উৎসব, কনসার্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে। এ ছাড়া চলতি অক্টোবরের শেষে অনুষ্ঠিত হতে যাওয়া সৌদির ফ্ল্যাগশিপ আর্থিক সম্মেলন বা ‘মরুভূমির দাভোস’ মারাত্মক চাপের মুখে পড়েছে। তেল রপ্তানি কমে যাওয়া এবং নতুন করে যুদ্ধে বাজেটের বিপুল অর্থ বরাদ্দের কারণে অনেক মেগা প্রজেক্ট বাতিল বা স্থগিত করতে হচ্ছে।
আন্তর্জাতিক সমর্থন ও আঞ্চলিক জোট পুনর্গঠনে এখন দৌড়ঝাঁপ শুরু করেছে রিয়াদ। গত মাসে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে বৈঠক করেন যুবরাজ সালমান। এরপর রিয়াদে আমন্ত্রণ জানানো হয় ইউএইর ভাইস প্রেসিডেন্ট শেখ মনসুর বিন জায়েদকে। পরিস্থিতি সামলাতে ফ্রান্স সামরিক সরঞ্জাম ও কর্মী পাঠাতে রাজি হয়েছে এবং যুক্তরাজ্য জ্বালানি সরবরাহকারী বিমান পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। এ ছাড়া ১০০ জনের বেশি মার্কিন সামরিক উপদেষ্টা নতুন গঠিত যৌথ বাহিনী কমান্ডের অধীনে কাজ করছেন। পাশাপাশি চলতি সপ্তাহে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান রিয়াদে জরুরি বৈঠক করে 'মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি'র অধীনে সম্মিলিত প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করতে সম্মত হয়েছে।
তবে ইউরোপিয়ান ইনস্টিটিউট অব পিসের উপদেষ্টা হিশাম আল-ওমাইসির মতো বিশ্লেষকেরা মনে করছেন, সামরিক বা বাহ্যিক সহযোগিতা দিয়ে টেকসই রাজনৈতিক সমাধান আসবে না। সুনির্দিষ্ট রাজনৈতিক রূপরেখা এবং অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে মুক্ত হওয়া অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারলে আঞ্চলিক এই অর্জনের কোনো সুফল মিলবে না। সাবেক মার্কিন রাষ্ট্রদূত র্যাটনির মতে, ওয়াশিংটন ও তেহরানের বিরোধ বজায় থাকা পর্যন্ত হুতিদের ব্যবহার করে রিয়াদকে পর্যুদস্ত রাখার চেষ্টা করবে ইরান, ফলে সৌদি আরবকে এই ত্রুটিপূর্ণ কঠিন পথ ধরেই সামনে এগোতে হবে।

