টেস্টটিউব ভেঙে প্লেগে রুশ গবেষকের মৃত্যু, কোয়ারেন্টাইনে দুই শতাধিক

রাশিয়ার সাইবেরিয়ার দূরবর্তী ইারকুতস্ক অঞ্চলে টেস্টটিউব ভেঙে অত্যন্ত সংক্রামক নিউমোনিক প্লেগে আক্রান্ত হয়ে দারিয়া শিপিলোভা নামে ২৮ বছর বয়সি এক ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর ওই অঞ্চলের অন্তত পাঁচটি হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং দুই শতাধিক মানুষকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

মারা যাওয়া ওই টেকনিশিয়ান শেলেখোভের অ্যান্টি-প্লেগ রিসার্চ ইনস্টিটিউটে কর্মরত ছিলেন। চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের সময় তিনি দুর্ঘটনাবশত জীবন্ত ব্যাকটেরিয়াবাহী একটি টেস্টটিউব ভেঙে ফেলেন এবং সেখান থেকেই এই মারাত্মক রোগে আক্রান্ত হন। গত ২৯ সেপ্টেম্বর তীব্র নিউমোনিয়ার লক্ষণ নিয়ে তাকে শেলেখোভের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয় এবং ১ অক্টোবরের দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পর ইারকুতস্ক অঞ্চলে সব ধরনের জনসভা ও প্রকাশ্য অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তার সংস্পর্শে আসা দুই শতাধিক মানুষকে কড়া পর্যবেক্ষণে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ইারকুতস্ক অঞ্চলের গভর্নর ইগর কোবজেভ প্রথম দিকে সেখানে একটি ‘বিশেষভাবে বিপজ্জনক সংক্রমণের’ আশঙ্কা প্রকাশ করে জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছিলেন। তবে পরবর্তীতে গত রোববার তিনি জানান, এটি মূলত অজানা কারণে হওয়া নিউমোনিয়ার ঘটনা। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় গভর্নর দাবি করেন, রোগীর নমুনা পরীক্ষা করে তার পেশাগত কাজের সঙ্গে জড়িত কোনো ক্ষতিকর জীবাণু পাওয়া যায়নি। এছাড়া গত ১০ দিনে ওই ইনস্টিটিউটের অন্য কোনো কর্মীর শরীরে সংক্রামক রোগের লক্ষণ দেখা যায়নি বলেও তিনি নিশ্চিত করেন।

গভর্নর কোবজেভ আরও জানান, আক্রান্তের সংস্পর্শে আসা সবাইকে চিহ্নিত করে প্রতিদিন ল্যাব টেস্টসহ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। জরুরি প্রতিরোধ ব্যবস্থা জোরদার করতে তিনি কনজুমার সেফটি ওয়াচডগ ‘রোস্পোট্রেবনাতজর’-এর প্রধানের সঙ্গে বৈঠক করেছেন এবং সংস্থাটি সেখানে পূর্ণাঙ্গ মাত্রায় মহামারি প্রতিরোধমূলক কার্যক্রম চালাচ্ছে। এদিকে, পার্শ্ববর্তী বুরিয়াতিন অঞ্চলের গভর্নর আলেক্সি সিদভ গত ২ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ইারকুতস্ক অঞ্চলে ওই নারী সম্ভবত প্লেগে আক্রান্ত হয়েই মারা গেছেন। তবে তার নিজের অঞ্চলে প্লেগের কোনো প্রাদুর্ভাব বা ঝুঁকি নেই বলে তিনি আশ্বস্ত করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যমতে, ফুসফুস-কেন্দ্রিক নিউমোনিক প্লেগ হলো এই রোগের সবচেয়ে বিপজ্জনক রূপ। অত্যন্ত সংক্রামক এই রোগটির ইনকিউবেশন বা সুপ্তিকাল মাত্র ২৪ ঘণ্টা হতে পারে এবং আক্রান্ত ব্যক্তি শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে খুব সহজেই অন্য মানুষের মধ্যে এটি ছড়াতে পারেন। এর প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে তীব্র শ্বাসকষ্ট ও কাশি, যার সঙ্গে রক্তমিশ্রিত কফ বের হতে পারে। ডব্লিউএইচও সতর্ক করেছে যে, লক্ষণ দেখা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দ্রুত রোগ শনাক্ত করে চিকিৎসা শুরু না করলে নিউমোনিক প্লেগ মারাত্মক ও প্রাণঘাতী রূপ নিতে পারে। তবে সময়মতো সঠিক চিকিৎসা পেলে রোগাক্রান্ত ব্যক্তির সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা অনেক বেশি থাকে।