রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনা শুরু হয়েছে। গত ১০ নভেম্বর মঙ্গলবার থেকে শুরু হওয়া এই দুই দিনের বৈঠকটি গত ফেব্রুয়ারির পর দেশ দুটির মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ শান্তি আলোচনা হিসেবে বিবেচিত হচ্ছে।
দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, এই আলোচনায় যুদ্ধ বন্ধের পাশাপাশি রাশিয়া ও ইউরোপের মধ্যে দীর্ঘমেয়াদি নিরাপত্তা কাঠামো প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। তবে রাশিয়ার বিভিন্ন দাবির মুখে ইউক্রেনের ভূখণ্ডগত অখণ্ডতা এবং ইউরোপের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের ভাষ্যমতে, এই আলোচনার মূল লক্ষ্য কেবল সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং সংঘাতের একটি স্থায়ী সমাধান নিশ্চিত করা। এ জন্য ইউরোপকে আলোচনার টেবিলে রাখা অত্যন্ত জরুরি বলে মনে করছে ওয়াশিংটন।
আলোচনায় ন্যাটো-রাশিয়া কাউন্সিল পুনরুজ্জীবিত করা এবং সমঝোতার অংশ হিসেবে রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিও আলোচনার টেবিলে আসতে পারে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নিরাপত্তা কাঠামোয় সংকট মোকাবিলায় নিয়মিত পরামর্শ, নির্ভরযোগ্য যোগাযোগব্যবস্থা, সামরিক স্বচ্ছতা এবং উত্তেজনা কমাতে পারস্পরিক পদক্ষেপের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। মার্কিন প্রতিনিধি জ্যারেড কুশনারের মতে, এই নতুন কাঠামো ইউক্রেন, রাশিয়া ও ইউরোপের মধ্যে এমন এক নিরাপত্তা সম্পর্ক গড়ে তুলতে পারে, যা কয়েক দশক এমনকি শতাব্দী ধরে শান্তি বজায় রাখতে সাহায্য করবে।
এই ত্রিপক্ষীয় আলোচনায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ অংশ নিচ্ছেন। ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন দেশটির গোয়েন্দাপ্রধান রুস্তেম উমেরভ। অন্যদিকে, রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি। বিশেষ উল্লেখ্য যে, প্রথমবারের মতো রাশিয়ার প্রতিনিধি দলে কূটনীতিক সের্গেই রিয়াবকভকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

