রাশিয়ার আমুর অঞ্চলে একটি প্রশিক্ষণ উড্ডয়নের সময় সোভিয়েত আমলের পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম টিইউ-৯৫ মডেলের একটি বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের বরাতে জানানো হয়েছে, এই দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। তবে বিমানে কোনো গোলাবারুদ ছিল না বলে নিশ্চিত করেছে রুশ সামরিক বাহিনী।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ইউক্রেনকা বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিমানটি ক্রাসনোইয়ারোভো শহরের কাছে জনবসতিহীন এলাকায় আছড়ে পড়ে। মাটিতে পড়ার পরপরই বিমানের জ্বালানি ট্যাংকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে জ্বলন্ত বিমানটি থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে।
দুর্ঘটনায় বেঁচে যাওয়া এক ক্রু সদস্যকে মাঝারি ধরনের আঘাতসহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরি উদ্ধারকারী দল ও অগ্নিনির্বাপণ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। দুর্ঘটনার সঠিক কারণ এবং পরিস্থিতি বিশ্লেষণের জন্য মস্কো থেকে অ্যারোস্পেস ফোর্সেসের একটি কমিশনকে দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এরই মধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
তুপোলেভ টিইউ-৯৫ হলো সোভিয়েত আমলের একটি বিশাল আকৃতির বোমারু বিমান, যা পারমাণবিক অস্ত্র বহন ও নিক্ষেপে সক্ষম। ১৯৫২ সালে প্রথম আকাশে ওড়া এই বিমানটি ১৯৫৬ সাল থেকে রাশিয়ার সামরিক বাহিনী নিয়মিত মহড়ায় ব্যবহার করে আসছে। এর আগেও রাশিয়ায় বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। গত বছরের জুলাই মাসে খারাপ আবহাওয়ায় তিনদা শহরে যাওয়ার পথে আন্তোনভ এএন-২৪ বিমান বিধ্বস্ত হয়ে ৪৮ জন এবং ২০২১ সালের আগস্টে কামচাটকা উপদ্বীপে ১৬ আরোহী নিয়ে একটি মিল মি-৮ হেলিকপ্টার বিধ্বস্ত হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্থানীয় সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স এ তথ্য জানিয়েছে।

